বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫০

বাবুরহাট মডেল টাউন সড়কের বেহাল দশা

বিএনপি নেতা হান্নানের নিজ অর্থায়নে সংস্কার, দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের

আব্দুল্লাহ আল মামুন।।
বিএনপি নেতা হান্নানের নিজ অর্থায়নে সংস্কার, দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের

চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা বাবুরহাট। চাঁদপুর পুলিশ লাইনস, জেলা কারাগার, প্রসিদ্ধ বাবুরহাট বাজার, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাবুরহাট মডেল টাউনসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই এলাকায়। তবে বাবুরহাট স্কুল ও কলেজের সামনে থেকে মডেল টাউনের দিকে যাওয়া প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য ভয়াবহ গর্ত। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনাকবলিত হচ্ছে এবং পথচারী ও শিক্ষার্থীরা আহত হচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই জমে থাকা পানি পিচ ও মাটি ভিজিয়ে সড়কটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বাবুরহাট, মডেল টাউন, লালপুর, খেরুদিয়া ও সফরমালিসহ আশপাশের হাজার হাজার মানুষের নিত্যদিনের যাতায়াত এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) তিনি নিজ অর্থায়নে ও উদ্যোগে সড়কের গর্তগুলোতে বালু ও রাবিশ ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেন।

এ সময় হান্নান বেপারী বলেন, “স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি দেখে নিজ সামর্থ্য অনুযায়ী এই সাময়িক উদ্যোগ নিয়েছি। জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা অনুযায়ী মানুষের কল্যাণে ও পাশে দাঁড়াতেই আমার এই প্রচেষ্টা।”

সড়কটির বেহাল দশার বিষয়টি চাঁদপুর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক দেবাশীষ চৌধুরীকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, দ্রুত সড়কটি পরিদর্শন করে পানি নিষ্কাশন ও স্থায়ী মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।

এদিকে সাময়িক বালু-রাবিশ ফেলা হলেও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের দাবি—সড়কটির পরিকল্পিত টেকসই উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা হোক। বর্ষা মৌসুম ও যানবাহনের বাড়তি চাপ সামলাতে দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার চান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়