শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫

মাদক মামলার আসামির জামিন চাওয়ায় এপিপিকে শোকজ

স্টাফ রিপোর্টার।।
মাদক মামলার আসামির জামিন চাওয়ায় এপিপিকে শোকজ

মতলব উত্তর থানায় দায়ের করা একটি মাদক মামলায় আসামির পক্ষে জামিন আবেদন করায় সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে আদেশের অনুলিপি পাঠানো হবে না— সে বিষয়েও তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশনা দেন।

আদালত সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার একটি মামলায় (জিআর নং-১৭২/২৫) ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সৈকত হোসেন নামে এক আসামি। সম্প্রতি ওই আসামির পক্ষে জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জসিম উদ্দিন মেহেদী হাসান।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, রাষ্ট্রপক্ষের আইনজীবীর মূল দায়িত্ব রাষ্ট্রের পক্ষে আদালতকে আইনগত সহায়তা করা। এপিপি পদে থাকা সত্ত্বেও একই মামলার আসামির পক্ষে জামিন চাওয়া পেশাগত দায়িত্বের সাথে স্পষ্ট স্বার্থের সংঘাত।

আদালত আরও জানান, এই ধরনের আচরণ রাষ্ট্রপক্ষের দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক কি না— আগামী ধার্য তারিখে তা আইনজীবীকে ব্যাখ্যা করতে হবে। একই সঙ্গে আদালতের এই আদেশের অনুলিপি অবগতির জন্য চাঁদপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জামিনের অপব্যবহারের আশঙ্কা এবং আসামি সৈকত হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ ধারায় অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর আসামিপক্ষে জামিন চাওয়ার এ ঘটনা চাঁদপুর আইনজীবী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়