প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭
পরিত্যক্ত রেলভূমির জঙ্গল পরিষ্কার করলো 'ক্লিন চাঁদপুর'

চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলভূমির জঙ্গল পরিষ্কার করে নেশা ও জুয়ার আড্ডা উচ্ছেদ করে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ তৈরি করেছে 'ক্লিন চাঁদপুর'। দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
|আরো খবর
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে সংগঠনের প্রায় ৩০জন সদস্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা ঝোপঝাড়, আগাছা ও বিভিন্ন আবর্জনা অপসারণ করে পুরো জায়গাটি খেলার উপযোগী করে তোলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রেলওয়ের এই জায়গাটি ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হওয়ায় সেখানে নিয়মিত নেশা ও জুয়ার আড্ডা বসতো। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে শিশু-কিশোরদের চলাচল ও খেলাধুলার পরিবেশ ব্যাহত হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা 'ক্লিন চাঁদপুরে'র নেতৃবৃন্দকে অবহিত করলে সংগঠনটি তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেয়।
ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের এই পরিত্যক্ত রেলভূমির জঙ্গলে প্রতিনিয়ত নেশা ও জুয়ার আড্ডা বসতো। এখানকার বসবাসকারী মানুষ এ বিষয়ে আমাদের অবগত করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে ক্লিন চাঁদপুরের সদস্যদের নিয়ে আমরা জঙ্গলটি পরিষ্কার করেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আমাদের আশপাশের ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার রাখতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই ক্লিন চাঁদপুর নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।
অ্যাড. নুরুল আমিন খান আকাশ আরও বলেন, এখন থেকে এই জায়গায় এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করতে পারবে। ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে তাদের খেলাধুলার সামগ্রীও দেয়া হবে। আমাদের লক্ষ্য শুধু ময়লা-আবর্জনা পরিষ্কার করা নয়, পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করা।
তিনি আরও জানান, পরিত্যক্ত ও অপরিচ্ছন্ন জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবে ক্লিন চাঁদপুর।
এদিকে দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার করে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ তৈরি করায় ক্লিন চাঁদপুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।








