প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৪:০৫
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর সবক সম্পন্ন

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ও মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থান অর্জনকারী স্বনামধন্য প্রতিষ্ঠান ‘তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন’ পরিচালিত চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ষষ্ঠ ‘সবক প্রদান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ৫৯ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ (মুখস্থ) কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ রাজবাড়ি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু বকর সিদ্দিক।
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার চাঁদপুর শাখার প্রধান মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও হিফজুল কুরআন বিভাগের প্রধান আ খ ম মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর আল-আমিন সোসাইটির সেক্রেটারি ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়াইব এবং চাঁদপুরের জেল সুপার জয়নাল আবেদীন ভূঞা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে। এরপর আহনাফ হাবিব আকিফ বাংলা এবং আহমেদ বিন কবির ইংরেজি অনুবাদ উপস্থাপন করে। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করে এবং কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, "পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তবে শুধু কুরআন মুখস্থ করাই যথেষ্ট নয়, এর শিক্ষা নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে।"
তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।







