বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫

চাঁদপুর থিয়েটার ফোরাম আয়োজিত নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান

নাট্যকর্মী ও শিল্পীদের মিলনমেলায় পর্দা নামলো ১০ দিনব্যাপী উৎসবের

কবির হোসেন মিজি
নাট্যকর্মী ও শিল্পীদের মিলনমেলায় পর্দা নামলো ১০ দিনব্যাপী উৎসবের
ক্যাপশন :চাঁদপুর থিয়েটার ফোরামের ১০দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ক্রেস্ট বিতরণ করছেন।

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পর্দা নেমেছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণিল নানা আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনের প্রথম পর্বে বিকেল ৪টায় 'সপ্তসুর সংগীত একাডেমি'র পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য, একক ও দলীয় সংগীতসহ নানান চিত্তাকর্ষক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও সংবর্ধনা পর্ব।

অনুষ্ঠানে চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামিউল হিকমা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়োজিদ, অর্থ সম্পাদক রফিকুল্লাহ সেলিম এবং চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে চাঁদপুরের প্রবীণ নাট্যচর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুজন গুণী নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন প্রবীণ নাট্যকার, অভিনেতা ও নির্দেশক আকরাম খান এবং মো. হানিফ পাটওয়ারী।

উৎসবের সমাপনী পর্বে অংশগ্রহণকারী বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে রাত ৮টায় মঞ্চস্থ হয় অনন্যা নাট্যগোষ্ঠীর নাটক ‘জল রূপালী’। জসীম মেহেদীর রচনা ও নির্দেশনায় সংগঠনের শিল্পীরা নাটকটিতে অভিনয় করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "শিল্প-সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের আয়োজন করা প্রয়োজন। এতে নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতামানবিক মূল্যবোধ গড়ে ওঠে।" তিনি দর্শকদের উদ্দেশে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করার আহ্বান জানিয়ে আরও বলেন, তরুণ প্রজন্মকে শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তাদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখা সম্ভব, যা তাদের মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

IMG 20260903 WA0008

ক্যাপশন :চাঁদপুর থিয়েটার ফোরামের ১০দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে জলরূপালি নাটকের একটি দৃশ্য।

উল্লেখ্য, গত ২২ আগস্ট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবে প্রতিদিনই ছিলো নৃত্য, আবৃত্তি, সংগীত ও নাটক মঞ্চায়ন। চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মিলনমেলায় পুরো আয়োজনজুড়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ উৎসব স্থানীয় শিল্পী-কর্মীদের পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে এবং দর্শকদের মঞ্চনাটকের প্রতি আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়