প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯
চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন ৩ অক্টোবর: ১৩ পদে লড়বেন প্রার্থীরা

চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের (তিন বছর) নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ ঘোষণা দেন সমিতির মনোনীত প্রধান নির্বাচন কমিশনার আলহাজ অ্যাডভোকেট শাহ্ মো. আ. কুদ্দুস।
|আরো খবর
ঘোষিত তফসিল অনুযায়ী ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটকেন্দ্র হিসেবে পৌর পাঠাগার অথবা সমিতির নিজস্ব অফিস কক্ষ উল্লেখ করা হয়েছে। বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের আগেই জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শাহ্ মো. আ. কুদ্দুস। তাঁর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন—সহকারী কমিশনার মো. বাচ্চু হাওলাদার, আলহাজ কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (লিটু), মো. শাহীন ভূঁইয়া, মো. শাহীন চৌধুরী, মো. নজরুল ইসলাম (সেকুল), অ্যাডভোকেট খোরশেদ আলম সোহাগ এবং মোঃ সাইফুল ইসলাম (রতন)।
১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো— ১. সভাপতি, ২. সিনিয়র সহ-সভাপতি, ৩. সহ-সভাপতি, ৪. সাধারণ সম্পাদক, ৫. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৬. যুগ্ম সাধারণ সম্পাদক, ৭. সাংগঠনিক সম্পাদক, ৮. কোষাধ্যক্ষ, ৯. দপ্তর সম্পাদক, ১০. প্রচার সম্পাদক, ১১. সদস্য-১, ১২. সদস্য-২ এবং ১৩. সদস্য-৩।
উল্লেখ্য, ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।








