রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১:৫৯

রক্ত দেওয়ার নামে প্রতারণা, প্রসূতি মায়ের মানবিক আবেদনকে পুঁজি করে অর্থ আত্মসাৎ

কুমিল্লা প্রতিনিধি।।
রক্ত দেওয়ার নামে প্রতারণা, প্রসূতি মায়ের মানবিক আবেদনকে পুঁজি করে অর্থ আত্মসাৎ

একজন গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা মা ও তাঁর গর্ভের অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণার অভিযোগ উঠেছে এক দুর্বৃত্তের বিরুদ্ধে। রক্তদানের আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সে। ঘটনাটি কুমিল্লায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, কুমিল্লা সদর উপজেলার কালিয়াজুরী এলাকার বাসিন্দা আইনজীবী ও সাংবাদিক তাপস চন্দ্র সরকার তাঁর কাকি শাশুড়ি শ্রীমতি বন্দনা রানী মজুমদারের জন্য জরুরি ভিত্তিতে এ-নেগেটিভ (A-) রক্তের সন্ধান করছিলেন। যমজ সন্তানসম্ভবা ওই নারী গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ও গর্ভের দুই অনাগত সন্তানের জীবন রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মানবিক আবেদন জানানো হয়।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল পৌনে ৩টার দিকে ০১৬২০-৬৬২৯৬০ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে চান্দিনা এলাকার একজন ছাত্র পরিচয় দিয়ে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেন। তবে হাসপাতালে আসার জন্য তাঁর কাছে গাড়ি ভাড়ার টাকা নেই বলে জানান। মানবিক কারণে তাপস চন্দ্র সরকার প্রথমে বিকাশের মাধ্যমে ২১০ টাকা পাঠান। কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার ফোন করে জানায়, বিকাশ থেকে ৫০০ টাকার কম উত্তোলন করা যায় না। তাই আরও ৩০০ টাকা পাঠানোর অনুরোধ করলে তিনি সেটিও পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তি তাঁর নম্বর ব্লক করে দেয়। পরে অন্য একটি নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করলে সেটিও ব্লক করা হয়। তখন নিশ্চিত হওয়া যায়, রক্ত দেওয়ার নামে পূর্বপরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর একজন ডিএসবি কর্মকর্তাকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট মোবাইল নম্বরের বিভিন্ন প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যে দেখা যায়, সর্বশেষ কলের অবস্থান ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এলাকার আশপাশে শনাক্ত হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইলের আইএমইআই (IMEI), আইএমএসআই (IMSI)সহ প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য সংরক্ষণ করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভুক্তভোগী অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, “এটি শুধু ৫০০ টাকা আত্মসাতের ঘটনা নয়; বরং একজন মৃত্যুপথযাত্রী গর্ভবতী মা ও তাঁর অনাগত যমজ সন্তানের জীবন রক্ষার আকুতিকে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো জঘন্য ও অমানবিক অপরাধ। এ ধরনের ঘটনা মানুষের মানবিক সহায়তার সংস্কৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।”

তিনি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে সমাজসচেতন মহলের মতে, মানবিক সংকটের মুহূর্তে এ ধরনের প্রতারণা শুধু একটি পরিবারের সঙ্গে প্রতারণা নয়, বরং মানুষের পারস্পরিক বিশ্বাস ও মানবিকতার ভিত্তিকেও দুর্বল করে দেয়। তাই এ ধরনের অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়