প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৮:০৪
স্বেচ্ছাশ্রমের অনন্য দৃষ্টান্ত
বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে জনদুর্ভোগ লাঘব

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের জনদুর্ভোগ কমাতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন’। জনসেবার ব্রত নিয়ে সম্প্রতি বর্ষায় বেহাল হয়ে পড়া আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি নিজস্ব উদ্যোগে সংস্কার করেছেন সংগঠনটির নিবেদিতপ্রাণ কর্মীরা।
|আরো খবর
উন্নয়নের অগ্রযাত্রায় ফাউন্ডেশন :
চলতি বছরের মার্চ মাসে যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনটি অতি অল্প সময়ের মধ্যেই স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। কেবল সড়ক সংস্কারই নয়, শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নেও সংগঠনটি বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে এলাকার স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে বিভিন্ন স্থানে টয়লেট নির্মাণ এবং স্বাস্থ্যসেবা উপকরণ বিতরণের মাধ্যমে তারা তৃণমূল পর্যায়ে পরিবর্তনের ছোঁয়া পৌঁছে দিচ্ছে।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আক্তার হোসেন বকাউল বলেন, রাজনীতি ও ব্যবসার পাশাপাশি মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমাদের ফাউন্ডেশনের তরুণ ও কর্মঠ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। বর্ষার এই মৌসুমে মানুষের ভোগান্তি কমানো আমাদের প্রধান উদ্দেশ্য ছিলো। আমরা চাই এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ সব ধরনের উন্নয়নমূলক কাজে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে।
তিনি আরো যোগ করেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও এলাকার সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।উল্লেখ্য, মো. আক্তার হোসেন বকাউল ২০১৬ ও ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আসন্ন নির্বাচনেও চেয়ারম্যান পদে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তার।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সামাজিক উদ্যোগের এই কার্যক্রম স্থানীয় জনসাধারণের মাঝে প্রশংসিত হয়েছে। এলাকাবাসী জানায়, জেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। স্বেচ্ছাসেবী এমন উদ্যোগগুলোই প্রকৃতপক্ষে তৃণমূলের মানুষের জীবনযাত্রার মান বদলে দিচ্ছে।
সচেতন মহলের মতে, সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এমন স্বেচ্ছাশ্রমমূলক কাজ গ্রামীণ অবকাঠামোর স্থায়িত্ব ধরে রাখতে বড়ো ভূমিকা রাখছে। বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের এই নিরবচ্ছিন্ন সেবা কার্যক্রম আগামী দিনে এলাকার আরো বড়ো পরিসরে উন্নয়নের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।







