শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৯:৩৭

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরু আর নেই

মতলব পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরু আর নেই
রেদওয়ান আহমেদ জাকির

মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরুর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বাদ আসর মতলব নিউ হোস্টেল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাশেষে বীর এই মুক্তিযোদ্ধাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদা জানায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কে এম ইশমাম, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকারসহ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বিভূতিভূষণ সরকার, রুহুল আমিন ও নূরুল আলম উপস্থিত ছিলেন।

পরে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টায় শহরের নবকলস এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।

মরহুমের ভাতিজা ও মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রথম জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার প্রমুখ।

বক্তারা স্থানীয় শিক্ষা, জনপ্রতিনিধিত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরুর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মরহুমের জানাজায় দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়