প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০১:৫৬
সংসদে চাঁদপুর পৌরসভার জলাবদ্ধতা, সড়ক ও ড্রেনেজ সংকটের কথা তুলে ধরলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
দ্রুত সংস্কার ও জরুরি বরাদ্দের দাবি, খুশি স্থানীয় বাসিন্দারা

জাতীয় সংসদে চাঁদপুর পৌরসভার সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যা উত্থাপন
|আরো খবর
জরুরি বরাদ্দ ও দ্রুত সংস্কারের দাবি এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের
জাতীয় সংসদে চাঁদপুর পৌরসভার দীর্ঘদিনের সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যা জোরালোভাবে উত্থাপন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ এবং ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি উত্থাপন করেন। বক্তব্যে তিনি চাঁদপুর পৌরসভার নাগরিক সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির পৌরসভা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরীতে বর্তমানে প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস। অথচ দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপর্যাপ্ত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পৌর এলাকার প্রধান সড়ক, অভ্যন্তরীণ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনঃখননের অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এর ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান, চাঁদপুর পৌরসভার দীর্ঘস্থায়ী নাগরিক সমস্যা সমাধানে এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একাধিক আধা-সরকারি (ডিও) পত্র প্রেরণ করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান বাস্তবায়িত হয়নি।
জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি চাঁদপুর পৌরসভার সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, জরুরি বরাদ্দ প্রদান এবং ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, চাঁদপুরের মানুষের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি জাতীয় সংসদে সবসময় সোচ্চার থাকবেন।
এদিকে জাতীয় সংসদে চাঁদপুর পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি উত্থাপন করায় স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের অবহেলিত এই সমস্যাগুলোর সমাধান হলে চাঁদপুর পৌরবাসীর দুর্ভোগ কমবে এবং নগরীর সামগ্রিক জীবনমানের উন্নয়ন ঘটবে।
ডিসিকে / এমজেডএইচ








