প্রকাশ : ১০ জুন ২০২৬, ২২:৫০
ফরিদগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

ফরিদগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের সহজে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। গ্রাম আদালতের ফরিদগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোসা. আমিনা খাতুনের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা সমন্বয়কারী মো. জাকিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। তাই এর কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানশেষে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।








