প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯
বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য, ৪ পদক অর্জন
চাঁদপুর সুইমিং ক্লাবের সদস্য নুরুল ইসলাম ৮১ কিলোমিটার সাঁতারে তৃতীয়

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ বাংলাদেশি সাঁতারুরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। গত রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ সর্বমোট ৪টি পদক অর্জন করে।
প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা এবং ৮১ কিলোমিটার পুরুষ এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু অংশগ্রহণ করেন। ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে সর্বমোট নয় জন সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ কিলোমিটার ইভেন্টে ৬ জন এবং ৮১ কিলোমিটার ইভেন্টে তিনজন সাঁতারু অংশ নেন।
প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ স্বর্ণপদক এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার রৌপ্যপদক অর্জন করেন। এছাড়া, ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু পলাশ চৌধুরী রৌপ্যপদক এবং সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তাঁদের এ অর্জন দেশের সাঁতার অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, মো. নুরুল ইসলাম চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীরস্থ গুণরাজদী গ্রামের সন্তান, যিনি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এফিলিয়েশনপ্রাপ্ত চাঁদপুরের সবচে’ পুরানো সাঁতার সংগঠন চাঁদপুর সুইমিং ক্লাবের সদস্য। ইতঃপূর্বেও তিনি অনুরূপ আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন। তাঁর সাফল্যের এমন ধারাবাহিকতায় চাঁদপুর সুইমিং ক্লাবের সভাপতি কাজী শাহাদাত ও সাধারণ সম্পাদক মো. সেলিম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা সাঁতারে নুরুল ইসলামের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। চাঁদপুরের দু কৃতী সন্তান যথাক্রমে অবিরাম সাঁতারে বিশ্বরেকর্ডধারী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অরুন কুমার নন্দী ও ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু আব্দুল মালেকের যোগ্য উত্তরসূরি হিসেবে নুরুল ইসলাম নিজেকে তুলে ধরতে সক্ষম হোক--চাঁদপুর সুইমিং ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলে সে প্রত্যাশা ব্যক্ত করেন।





