সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১

মতলব উত্তরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মূল্যবোধ ও শৃঙ্খলা ফেরাতে খেলাধুলার বিকল্প নেই

: আলমগীর সরকার

মতলব উত্তর ব্যুরো।।
মূল্যবোধ ও শৃঙ্খলা ফেরাতে খেলাধুলার বিকল্প নেই

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মতলব উত্তরে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্যে আলমগীর সরকার বলেন, "মাদকমুক্ত সমাজ গঠন, নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই প্রতিযোগিতা ও ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সরকারি উদ্যোগে তাদের প্রশিক্ষণ ও লেখাপড়ার ব্যবস্থা করা হবে।"

তিনি আরও বলেন, "জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।" রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, "প্রতিহিংসার রাজনীতি নয়; দল-মত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। ‘সবার আগে বাংলাদেশ’—এই মন্ত্রকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলাম এবং লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়