সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৩৫

সেবার মাঠে তিনি চাঁদপুরের ২৮ লাখ মানুষের ভরসা, আর ফুটবল মাঠে ম্যারাডোনা-মেসির ভক্ত!

সেবার মাঠে তিনি চাঁদপুরের ২৮ লাখ মানুষের ভরসা, আর ফুটবল মাঠে ম্যারাডোনা-মেসির ভক্ত!
আব্দুল্লাহ আল মামুন

চাঁদপুর জেলার প্রায় ২৮ লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল। শুধু চাঁদপুরই নয়, আশপাশের কয়েকটি জেলার মানুষও উন্নত চিকিৎসার আশায় ছুটে আসেন এই হাসপাতালে। আর এই বিশাল চিকিৎসা কর্মযজ্ঞের পেছনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হাসপাতালের সুযোগ্য তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান। অত্যন্ত সুনামের সাথে, হাসিমুখে রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর সুনিপুণ নেতৃত্বে পুরো হাসপাতাল জুড়ে বিরাজ করছে চমৎকার পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, যার প্রশংসা এখন সর্বস্তরের মানুষের মুখে মুখে।

চিকিৎসা সেবাকে মহান ব্রত হিসেবে উল্লেখ করে ডা. মাহাবুবুর রহমান মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, এই মহান সেবার সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।

পেশাগত এই ব্যস্ততার মাঝেও ফুটবলের মহা-উন্মাদনা ছুঁয়ে গেছে এই চিকিৎসককে। তিনি ফুটবল বিশ্বকাপ নিয়ে দারুণ আশাবাদী এবং মাঠের লড়াইয়ে তিনি আলবিসেলেস্তে অর্থাৎ আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। ১৯৮৬ সালে যখন দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে, তখন তিনি বেশ ছোট। সেই সময়ে ম্যারাডোনার জাদুকরি খেলা দেখেই তাঁর ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনার সমর্থক হওয়া। এরপর ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার রানার্স-আপ হওয়ার সেই রোমাঞ্চকর দিনগুলোতেও তিনি ছিলেন দলের পাশে। সেই থেকে শুরু হওয়া ভালোবাসার সিলসিলা আজও অক্ষুণ্ণ রয়েছে।

বর্তমানে আর্জেন্টিনার দলে লিওনেল মেসি ছাড়াও খেলছেন লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ এবং রদ্রিগো ডি পলের মতো বিশ্বসেরা সব তারকা।

ডা. মাহবুবুর রহমান বিশ্বাস করেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের চমৎকার ফুটবল নৈপুণ্য, নান্দনিক পাসিং এবং মাঠের সৌন্দর্যের কারণে লিওনেল মেসির নেতৃত্বেই এবার আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করতে সক্ষম হবে। তবে এই ফুটবল উন্মাদনার মাঝে তাঁর নিজের ঘরেই জমে উঠেছে এক মধুর বৈরিতা! ডাক্তার সাহেব হাসতে হাসতে জানালেন, তাঁর তিন ছেলেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে দারুণ মেতে থাকে। তবে মজার ব্যাপার হলো, তারা তিনজনই কট্টর ব্রাজিল সমর্থক! এবারের বিশ্বকাপে ব্রাজিল ছিটকে পড়ার পরও ছেলেরা সবসময় তাদের মায়ের কাছে ব্রাজিলের জয়ের জন্যে দোয়া চাইতো। কিন্তু সেখানেও টুইস্ট! ছেলেদের মা-ও আর্জেন্টিনার কড়া সমর্থক। ফলে ঘরে তিন ছেলে ব্রাজিলের পক্ষে আর বাবা-মা আর্জেন্টিনার পক্ষে—এ নিয়ে পুরো পরিবারে চলছে এক দারুণ খুনসুটি ও আনন্দের আবহ, যা পুরো বিশ্বকাপের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে বিশ্বজুড়ে চলা ফুটবল উন্মাদনা থেকে পিছিয়ে নেই চাঁদপুরের হসপিটাল পাড়াও। আর শত ব্যস্ততার মাঝেও ফুটবলপ্রেমী এই চিকিৎসকের নিখাদ ভালোবাসা ও পারিবারিক খুনসুটি যেনো ফুটবল বিশ্বকাপের আসল সৌন্দর্যকেই ফুটিয়ে তুলেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়