মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫

২৬ বছরের ঐতিহ্যে উজ্জ্বল একুশে সংসদ

সমাজসেবা ও ক্রীড়া চর্চায় জেলার গর্ব

আব্দুল্লাহ আল মামুন
২৬ বছরের ঐতিহ্যে উজ্জ্বল একুশে সংসদ

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন একুশে সংসদ ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে টানা ২৬ বছর ধরে নানা সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীসহ পুরো জেলার সুনাম বৃদ্ধি করে চলেছে। ‘শিক্ষা, শান্তি, ক্রীড়া ও প্রগতি’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সংগঠনটি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই একুশে সংসদ অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সংগঠনটির উদ্যোগে ইতোমধ্যে অসচ্ছল পরিবারের মাঝে রিকশা বিতরণ, সেলাই মেশিন প্রদান, গৃহহীনদের জন্যে টিন বিতরণ এবং আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং যুব সমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও সংগঠনটির অবদান উল্লেখযোগ্য।

নববর্ষের প্রথম দিন (১৪ এপ্রিল ২০২৬) একুশে সংসদ প্রথমবারের মতো আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ‘ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার মোট ২০টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন বিকেল ৩টা থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অংশ নিচ্ছে, যা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছেÑএকুশে ক্লাব, শিমুল ছায়া, বাবুরহাট বন্ধু মহল, আশিকাটি রাইজিং স্টার, ইয়াং ইউনিট, রুপালি গিটার, মা খেলাঘর, মঠখোলা একাদশ, বাবুরহাট আদর্শ, সামাজিক সংগঠন, বিএম, বাবুরহাট ইয়াংস্টার, আমানুল্লাহপুর সেভেন কিং, ম্যাগনেট, শিলন্দিয়া ভাই বন্ধু একাদশ, দাসাদী অগ্নিশিখা, এসএসসি ২০১৭ বন্ধু পরিবার, বেকাপ এফসি, ভাই বন্ধু ও দক্ষিণ দাসাদি যুবসমাজ।

টুর্নামেন্টটি প্রায় দেড় মাসব্যাপী চলবে এবং বিজয়ী দল ও রানার-আপ দলের জন্যে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ফ্রিজ প্রদান করা হবে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

একুশে সংসদের সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি তরুণদের নিজস্ব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। আমরা সমাজসেবা ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে রাখার চেষ্টা করছি। বিভিন্ন দুর্যোগেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।” তিনি আরও বলেন, “দীর্ঘ ২৬ বছরের পথচলায় অসংখ্য সফলতা থাকলেও এখনো সংগঠনটির নিজস্ব কোনো ভবন নেই। এজন্যে আমরা সরকারি সহায়তা কামনা করছি, যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করা যায়।”

এলাকাবাসীর মতে, একুশে সংসদ শুধু একটি ক্লাব নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের নাম, যা প্রজন্ম থেকে প্রজন্মে মানবিকতা, ক্রীড়া ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিচ্ছে। সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও জেলার যুবসমাজকে আলোকিত পথে এগিয়ে নেবেÑএমন প্রত্যাশা সবার।

উল্লেখ্য, চাঁদপুর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচে’ বড়ো মাঠ বাবুরহাট হাই স্কুল মাঠে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ক্রীড়াচর্চার যে ঘাটতি পরিলক্ষিত হচ্ছিলো, সেটি পূরণে একুশে সংসদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের ক্রীড়াপ্রেমীরা। তাদের চলমান টুর্নামেন্টটি সর্বাত্মক সফল করতে সকল মহলের এগিয়ে আসা উচিত, যাতে তারা এমন আরো উদ্যোগ গ্রহণে প্রণোদনা লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়