প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২০:৫৭
মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

চাঁদপুরে মিছিল এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
|আরো খবর
পুলিশ সূত্রের তথ্য মতে, শহরের ওয়্যারলেস বাজার এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে রোববার (২৬ জুলাই ২০২৬) রাতে আরাফাত সানি এবং তার দু সহযোগী রায়হান সায়েম ও দেলোয়ার রাব্বিকে আটক করা হয়। অভিযানকালে ওই বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী দীপু মনির ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, বড় স্টেশন ও বাগাদী এলাকায় মিছিলের প্রস্তুতি এবং নাশকতার চেষ্টার ঘটনায় পূর্বে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।







