শনিবার, ০৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:২৮

প্রধানমন্ত্রীর নিকট থেকে চাঁদপুর-কুমিল্লা চারলেন সড়ক এবং মুদাফ্ফরগঞ্জ ও হাজীগঞ্জে ফ্লাইওভার ঘোষণা চায় চাঁদপুরবাসী

মো. মঈনুল ইসলাম কাজল
প্রধানমন্ত্রীর নিকট থেকে চাঁদপুর-কুমিল্লা চারলেন সড়ক এবং মুদাফ্ফরগঞ্জ ও হাজীগঞ্জে ফ্লাইওভার ঘোষণা চায় চাঁদপুরবাসী
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। ছবি : কামরুজ্জামান টুটুল।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রায় ৭০ কিলোমিটার। লালমাই থেকে সড়কটি চার লেনের হয়ে ঢাকা ও চট্টগ্রামে পৌঁছে গেছে। সড়ক পথে একসময় চাঁদপুরবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম ছিলো এই সড়কটি।

বর্তমান প্রেক্ষাপটে চাঁদপুরের জনগণ এ সড়কটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতের জন্যে নদীপথ, রেলপথ এমনকি মতলব, কচুয়া উপজেলার আঞ্চলিক সড়ক বেছে নিয়েছে অনেকেই।

সম্প্রতি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অব্যবস্থাপনার কারণে জনগণ এ সড়কটি পরিহার করে যাতায়াত করে থাকে। সড়কটির বেহাল দশা ও দুর্ভোগের কারণেই এ সড়কটি অতীতের ঐতিহ্য হারিয়ে ফেলেছে।

বিশেষ করে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ এবং চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এর যানজট যাত্রীদের অতিষ্ঠ করে তুলছে। এ দুটি এলাকা পার হতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। কুমিল্লা থেকে ঢাকা যেতে যেটুকু সময় ব্যয় হয়, অনেক সময় এ দুটি বাজার অতিক্রম করতে তার চেয়ে বেশি সময় লেগে যায়।

মাঝেমধ্যে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও কয়েকদিনের মধ্যেই তা বাস্তবায়ন হতে আর দেখা যায় না।

অত্র অঞ্চলের ব্যবসায়ীদের মূল কেন্দ্রবিন্দু হলো এ দুটি বাজার। তাই চাঁদপুরবাসীর সময়োপযোগী দাবি--এ দুটি বাজারে ফ্লাইওভার নির্মাণ করা।

এছাড়াও এ সড়কটিতে প্রতিদিন হাজার হাজার ভারী যানবাহন চলাচল করে থাকে, সারাদিন ব্যস্ত থাকে এ সড়কটি। শুধু চাঁদপুরের জনগণই নয়, দক্ষিণাঞ্চল ও লক্ষ্মীপুর জেলার অগণিত জনগণ এ সড়কটি ব্যবহার করে থাকে।

প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে সড়কটিতে, প্রাণ হারাতে হয় যাত্রীদের। তাই চাঁদপুরবাসীর নিরাপদ যাতায়াতের জন্যে এই সড়কটিকে চার লেনে উন্নীত করা খুবই জরুরি হয়ে পড়েছে।

বর্তমান প্রজন্মের আইকন, রাষ্ট্র পরিবর্তনের রূপকার, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট চাঁদপুরবাসীর প্রত্যাশা : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি জনগণের জন্যে নিরাপদ করা হোক।

চাঁদপুরের উন্নয়নের স্বার্থে এই সড়কটি উন্নত করা অত্যন্ত জরুরি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়