মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:০৮

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৩০

১নং বালিথুবা ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতেই আমার চেয়ারম্যান হওয়ার বাসনা

..........মো. হাবিবুর রহমান পাটোয়ারী

অনলাইন ডেস্ক
১নং বালিথুবা ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতেই আমার চেয়ারম্যান হওয়ার বাসনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সমাজসেবক, রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান পাটোয়ারী। চাঁদপুর সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করা হাবিবুর রহমান পাটোয়ারী নিঃস্বার্থ সমাজসেবক ও দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকারাবদ্ধ হয়ে অত্র ইউনিয়নের সকল ভোটারসহ আপামর জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মো. হাবিবুর রহমান একজন সফল ব্যবসায়ী। যেটুকু জানা যায়, সাংসারিক জীবনে তার পিছুটান বলতে কিছুই নেই। তিনি বর্তমানে দু কন্যা সন্তানের জনক। ছোটকাল থেকেই তার ইচ্ছে, চেয়ারম্যান হয়ে নিজ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়বেন। সেই প্রত্যাশা রেখেই ফরিদগঞ্জের ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। নির্বাচিত হলে তিনি কেমন ইউনিয়ন গড়বেন সে বিষয়ে চাঁদপুর কণ্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধি এমরান হোসেন লিটনের মাধ্যমে মুখোমুখি হয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে।

চাঁদপুর কণ্ঠ : আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনি কোন্ পদে প্রার্থী হচ্ছেন?

মো. হাবিবুর রহমান : আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমি ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার চিন্তা ভাবনা করেছি।

চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও কোনো নির্বাচনে অংশ নিয়েছিলেন?

মো. হাবিবুর রহমান : ছোটকাল থেকেই আমার আশা-আকাঙ্ক্ষা ছিলো ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতে, সময় সুযোগ আসলে চেয়ারম্যান প্রার্থী হবো। আমি অতীতে কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি নি। তবে বিভিন্ন সময় স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে আমি আমার প্রার্থীর পক্ষে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন কামনা করছেন?

মো. হাবিবুর রহমান : আসলে বর্তমানে আমার বয়স ৫৫ বছর। আমার বুঝ হওয়ার পর থেকেই এখন পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভিন্ন পোস্ট-পদবীতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আর এই দল করতে গিয়ে আমার জীবন ও যৌবনের পুরো সময়টা ব্যয় করেছি। ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দলের হয়ে বিভিন্ন সামাজিক কাজে অর্থ খরচ করেছি। দলের বেকার কর্মীদের উৎসাহ ও উদ্দীপনার জন্যে তাদের বিপদ-আপদে খরচ করেছি। তাই প্রত্যক্ষভাবে অবশ্যই দলের সমর্থন কামনা করি।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান, না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?

মো. হাবিবুর রহমান : আমি যেহেতু ১নং বালিথুবা ইউনিয়নের সন্তান এবং এলাকার মানুষের সাথে আমার সেই ছোটকাল থেকেই চলাফেরা, রাজনীতির জন্যে যে সময়টুকু ব্যয় করেছি তা শুধু ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপির জন্যেই করেছি। তাই আমার পরিচিতি সেই আগে থেকেই আছে। ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার মানসেই আমি আরো আগে থেকেই প্রচার-প্রচারণা করে আসছি।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?

মো. হাবিবুর রহমান : আমি যখন ছাত্র ছিলাম, তখন আমি অত্র ইউনিয়নের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত ও সারা বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান, আমার ভাই মরহুম জাফর উল্লাহ চৌধুরী সাহেবের শাসন দেখেছি। সেই থেকেই আমার ইচ্ছা-আকাঙ্ক্ষা অত্র ইউনিয়নকে আবার সেই জাফরুল্লাহ চৌধুরী সাহেবের শাসনের রূপে ফিরিয়ে আনতে। আমি ছোটকাল থেকেই অতি গোপনে বিভিন্নজনকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। আমি চেয়ারম্যান নির্বাচিত না হলেও আমার সেই সহযোগিতা সবসময় থাকবে। আর প্রাথমিকভাবে আমি অনেক আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। আমার জন্যে দোয়া ও সমর্থন কামনা করছি।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

মো. হাবিবুর রহমান : আমার জানা মতে, অতীতে কখনো বিএনপি সরকারের আমলে নির্বাচন নিয়ে কোনো কারচুপি হয় নি। তাই আগামীতেও এ ধরনের কোনো কিছু হবে মনে হয় না। পরামর্শ থাকবে সুষ্ঠু ভোট হওয়ার জন্যে প্রত্যেক প্রার্থী যেনো সহনশীলতা বজায় রাখে।

চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?

মো. হাবিবুর রহমান : আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ। সেই সাথে সাথে আমারও ছোটকাল থেকেই ইচ্ছে এই ইউনিয়নকে একটি উন্নত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বিভিন্ন মাধ্যমে জেনেছি, একটি ইউনিয়নে যে পরিমাণ বরাদ্দ আসে তার অর্ধেকও যদি ওই ইউনিয়নের উন্নয়ন কাজে ব্যয় করা হয়, তাহলে ইউনিয়নটি কোনোরকম অগোছালো থাকার কথা নয়। কিন্তু আমাদের ইউনিয়নটি একেবারেই অগোছালো। ইনশাআল্লাহ, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি বরাদ্দের কাজে কোনো রকম অনিয়ম হতে দেবো না।

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত :

মো. হাবিবুর রহমান পাটোয়ারী, বয়স (৫৫) বছর। পিতা-মরহুম নুরুল ইসলাম পাটোয়ারী, যিনি ছিলেন একজন চাকরিজীবী, মা-মরিয়ম বেগম একজন গৃহিণী। মো. হাবিবুর রহমান পাটোয়ারী একজন সফল ব্যবসায়ী। তিনি দু কন্যা সন্তানের জনক। ছাত্রজীবনে তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সদস্য ছিলেন। এছাড়া তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়