শনিবার, ০২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৮:২৭

মহান সংসদে বৈষম্য না থাকলেও ফরিদগঞ্জে এসে বৈষম্যের মুখে পড়ি

...............এমএ হান্নান এমপি

প্রবীর চক্রবর্তী।।
মহান সংসদে বৈষম্য না থাকলেও ফরিদগঞ্জে এসে বৈষম্যের মুখে পড়ি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সার্বিক কল্যাণে করণীয় ও বিদ্যমান সমস্যা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এমএ হান্নান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দেশের বৈষম্য দূর হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে এখনও বৈষম্য রয়ে গেছে। মহান জাতীয় সংসদে কোনো বৈষম্য নেই। সেখানে একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমরা কথা বলার সুবিধা পাই। সংসদ সদস্য হিসেবে সম্মানটুকু পাই। কিন্তু যখন ফরিদগঞ্জে আসি তখন মনে হয় বৈষম্য রয়ে গেছে। কেননা এখানে এসে বৈষম্যের মুখে পড়ি। প্রশাসন আমার কথা কি ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না? জনগণ আমাকে স্বতন্ত্র হিসেবে এমপি নির্বাচিত করেছে, আমি পুরো ফরিদগঞ্জ উপজেলাবাসীর জন্যে কাজ করতে চাই। কিন্তু অসহযোগিতা পেলে কাজ করবো কীভাবে? আমার নির্দেশনা ঠিকমত পালন হয় না। উন্নয়ন কর্মকাণ্ডের জন্যে নানা সময়ে নানা তথ্য প্রয়োজন, সঠিক সময়ে সঠিক তথ্য না দিলে তা ব্যাহত হয়। উপজেলা প্রকৌশল বিভাগ থেকে আমি সঠিকভাবে তথ্য পাচ্ছি না। আশা করবো আগামী দিনগুলোতে তারা আরো গতিশীল হয়ে আমার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে এগিয়ে আসবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও নিয়ে নানা কথা উঠলে, আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বললেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমি আগেও বলছি এখনো বলি, আমি যদি অপরাধ করে থাকি আমাকেও অ্যারেস্ট করবেন। আইন সবার জন্যে সমান, সে আমার যতো নিকটাত্মীয়ই হোক না কেনো। তিনি বলেন, গণতন্ত্র এখনও পরিপূর্ণ হয়নি। আমাদের সকলের উচিত, হৃদয়ে দেশপ্রেম রেখে সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে হাতে হাত রেখে দেশের উন্নয়নে কাজ করা।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। ইতিহাস বিকৃতি রোধে আপনাদের এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেনো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। মুক্তিযোদ্ধাদের নানান সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়ন হলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হবেন। আমি আমার সাধ্যমতো মুক্তিযোদ্ধাদের কল্যাণে সকল প্রকার সহযোগিতা করবো।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শনিবার (২ মে ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সার্বিক কল্যাণে করণীয় ও বিদ্যমান সমস্যা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের বিষয়ে নানা ধরনের প্রকল্প গ্রহণ করছে, যাতে এ বয়সে এসে মুক্তিযোদ্ধারা একটু ভালো থাকে। ফরিদগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি ৫ আগস্ট দুর্বৃত্তরা ভেঙ্গেছে। মাননীয় সংসদ সদস্যসহ আমরা সকলে মিলে চেষ্টা করবো যেনো মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি দ্রুত চালু করা যায়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যুগ্ম পরিচালক আবুল কাশেম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান। এছাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূরনবী নোমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন ইউনিয়ন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ অংশ নিয়ে মুক্তিযোদ্ধাদের বর্তমান সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়