প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:০১
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৭
আমি মেয়র হলে পৌরসভার সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরাসরি জনগণের অংশগ্রহণ থাকবে
-------------আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক জিএস, তুখোড় এই ছাত্রনেতা বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ সাধারণ জনগণের সাথে যার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক বিরাজমান। চাঁদপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ হয়েও সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ ও ঘনিষ্ঠতা অনুকরণীয়। সমাজসেবা ও মানবসেবায় নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন তিনি। নিজ দলের বাইরে সর্বমহলে রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা। জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করার ইচ্ছা দীর্ঘদিনের। সে লক্ষ্যে বেছে নিয়েছেন চাঁদপুর পৌরসভাকে। এ পৌরসভার মেয়র হয়ে সর্বোচ্চটুকু দিয়ে পৌরবাসীর সেবা করবেন এমনটাই তাঁর প্রত্যাশা। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন বা সমর্থন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে আঁটঘাঁট বেঁধে মাঠে নেমেছেন তিনি।
|আরো খবর
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক বিশেষ আয়োজন 'সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি' হয়েছেন তিনি। নির্বাচন নিয়ে আলহাজ্ব মোশারফ হোসাইনের বক্তব্য, পরিকল্পনা এবং মনের অভিপ্রায় প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো।
চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচন (উপজেলা/পৌরসভা/ ইউনিয়ন পরিষদ)-এ কোত্থেকে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
মো. মোশারফ হোসেন : আমি চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন/সমর্থন নিয়ে প্রার্থী হতে চাই।
চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
মো. মোশারফ হোসাইন : সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুর পর আমার মধ্যে এই আগ্রহ জাগে। বিগত পৌর নির্বাচনেও আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আল্লাহ পাকের ইচ্ছায় এটাই আমার প্রথম নির্বাচন।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
মো. মোশারফ হোসাইন : আমি অবশ্যই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। আমার বিশ্বাস, আমাদের দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিগতদিনের ত্যাগ, দলের প্রতি আনুগত্য, পৌরবাসীর কাছে গ্রহণযোগ্যতা, সততা ও যোগ্যতার আলোকে সার্বিক বিষয় বিবেচনা করে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন/সমর্থন দিবেন।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান? না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?
মো. মোশারফ হোসাইন : আমি যখন যা করি, খুব সিরিয়াসলি করি। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং পৌরবাসী যদি আমাকে যোগ্য ও নিরাপদ মনে করে তবে নির্বাচিত হয়ে আমি সততার সাথে পৌরবাসীর সেবা করতে চাই।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?
মো. মোশারফ হোসাইন : এই মুহূর্তে আমার কাজ জনগণের কাছে যাওয়া, দলের নেতা-কর্মীদের কাছে যাওয়া, তাদের সমস্যা-সম্ভাবনা চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণ করা। আমি ছোট বেলা থেকেই মানুষের জন্যে কিছু করতে পারলে আত্মতৃপ্তি পাই। আমি মেয়র হই বা না হই, মানুষের জন্যে অতীতে ও বর্তমানে যেভাবে কাজ করছি ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ। আর শুধুমাত্র নির্বাচন সামনে রেখে নয়, আমি সবসময় মানুষের সাথে আছি।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
মো. মোশারফ হোসাইন : দেশে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার জন্যে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। জননেতা তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী। সুতরাং তাঁর শাসনামলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। একটি দৃষ্টান্তমূলক স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আমি আশাবাদী।
চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
মো. মোশারফ হোসাইন : আমি চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলে আমার জীবনের সবটুকু অভিজ্ঞতা দিয়ে সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। তবে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমি মেয়র হলে পৌরসভার সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরাসরি জনগণের অংশগ্রহণ থাকবে।
চাঁদপুর কণ্ঠ : উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারেন।
মো. মোশারফ হোসাইন : পৌরবাসীর চাহিদাকে প্রাধান্য দিয়ে আমি আমার স্বপ্ন ও প্রত্যাশার চাঁদপুর শহর গড়তে চাই। যাতে আমি মরার পর মানুষ স্মরণ করে একজন মোশারফ হোসাইন এই শহরকে নতুনভাবে সাজিয়ে গেছেন।
মো. মোশারফ হোসাইন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার স্থায়ী বাসিন্দা। চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮৭ সালে আল-আমিন একাডেমীতে ছাত্রদলের সভাপতি ছিলেন। ১৯৯০-৯১ সালে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জি.এস.) নির্বাচিত হন। তিনি ২০২৩ সালে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি হাওলাদার জামে মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর প্রেস ক্লাব ও চাঁদপুর ক্লাবের আজীবন সদস্য।
ডিসিকে /এমজেডএইচ








