প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:০৬
চাঁদপুর জেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার
সবাইকে নিয়ে স্বপ্নের চাঁদপুর গড়তে চাই
----------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর জেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতারের আয়োজন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ এমপির নিজ বাসভবন (মুনিরা ভবন)-এ আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
|আরো খবর
দোয়া ও ইফতারের পূর্বে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি তাঁর বক্তব্যে বলেন, আমি গর্বিত ও অত্যন্ত খুশি যে, আপনারা সবাই আমার আমন্ত্রণে এখানে এসেছেন। আজকের এ আয়োজনটি আমার জন্যে একটি স্মৃতির দিন। আমরা সবাই মিলে আমাদের নেতা তারেক রহমান যিনি আজকের প্রধানমন্ত্রী, তাঁকে সহযোগিতা করতে চাই। এ বাংলাদেশের জন্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি আরো বলেন, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা যদি পাই, তাহলে আমার বিশ্বাস আগামী পাঁচ বছরে চাঁদপুরকে একটি স্বপ্নের শহর হিসেবে গড়তে পারবো। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। আজকের যিনি আয়োজক তিনি জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। আজকের আয়োজন প্রমাণ করে সকলকে নিয়ে একটি উন্নয়ন, প্রগতিশীল চাঁদপুর বিনির্মাণে কাজ করতে চান এমপি সাহেব। আমি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বলতে চাই, আমি সরকারি কর্মচারী। আপনার সুযোগ হয়েছে জনগণের পক্ষে সবার জন্যে কাজ করার। আপনি এখন সকলের কাছে পরিচিত এমপি মানিক হিসেবে। আমি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে সকল কর্মকর্তার পক্ষ থেকে দাবি করবো, সুন্দরকে নিয়ে চাঁদপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, এমপি মহোদয়ের আমন্ত্রণে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এমপি সাহেবের অভিভাবকত্বে আমরা আছি। সরকারি কাজগুলো আমরা একসাথে করবো। রমজান মাস সিয়াম সাধনার মাস। আল্লাহ তাআলা আমাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাঁর কৃপায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ওয়ালিউল্লাহ খান। অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষকসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ








