প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৫০
চাঁদপুর জেলা জামায়াতের ইফতার মাহফিলে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
আমরা এমন চাঁদপুর চাই যেখানে ভেদাভেদ থাকবে না

রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
|আরো খবর
রোববার (৮ মার্চ ২০২৬) চাঁদপুর প্রেসক্লাবের দোতলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট ও নিচতলায় কমিউনিটি সেন্টারে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা এমন চাঁদপুর চেয়েছি, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে সামাজিকভাবে সুন্দর চাঁদপুর গড়ে তুলবো, সুশাসন তৈরি করবো। জামায়াতে ইসলামী যে উদারতা এবং দৃষ্টান্ত দেখিয়েছে, আমাদের আগামীদিনের প্রজন্ম এই দৃষ্টান্তকে মাথায় রেখে চাঁদপুরকে গড়ে তুলবে। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে তাঁদেরকে ধন্যবাদ জানাই।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাড. মাসুদুর রহমান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. লিয়াকত হোসাইন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাও. তোফায়েল আহমদ ও এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম। রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সুধীবৃন্দের মধ্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমির মাও. বিল্লাল হোসেন মিয়াজি সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রমজানের শিক্ষা মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের দিকে আহ্বান জানায়। এ মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। সবশেষে মাওলানা নুরুর রহমান মাদানীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ডিসিকে /এমজেডএইচ








