প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫১
বৃহত্তর মতলব পুনর্গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফয়জুন্নুর আখন রাসেল তাঁর নির্বাচনী ইশতেহারে বৃহত্তর মতলব পুনর্গঠনের ১১ দফা অঙ্গীকার ঘোষণা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে রসুলপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে জনসম্মুখে নির্বাচনী ইশতেহারে এ ১১ দফা অঙ্গীকার ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা নেতা নয়, প্রতিনিধি হতে চাই। মতলবের প্রতিটি নাগরিকের মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। নদীভাঙ্গন কবলিত মানুষ থেকে চরাঞ্চলের কৃষক সবার জন্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক জনপদ গড়ে তোলা আমাদের লক্ষ্য।
রাসেল জানান, নদীশাসন ও ভূ-ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থায়ী বাঁধ নির্মাণ, নিয়মিত ড্রেজিং এবং চরাঞ্চলে মানুষের ভূমি অধিকার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে। কৃষির আধুনিকীকরণ এবং সেচ প্রকল্প উন্নয়নের মাধ্যমে কৃষকের ঘাম ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, উদ্যোক্তা ঋণ এবং ফ্রিল্যান্সিং হাব চালু করা হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধির জন্য ডিজিটাল ক্লাসরুম ও স্কলারশিপ প্রবর্তন এবং সড়ক, সেতু ও সৌর বিদ্যুতের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন হবে। খাল ও জলাশয় উদ্ধার, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নও তাঁর পরিকল্পনার অংশ।
তিনি আরও বলেন, প্রতিনিধি মানেই সেবক। প্রশাসনের দরজা জনগণের জন্যে সবসময় খোলা থাকবে। গণশুনানি, অনলাইন সেবা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মাদকবিরোধী টাস্কফোর্স গঠন, ক্রীড়া ও বিনোদন প্রসারিত করে যুবসমাজকে সৃজনশীল কাজে লাগানো হবে।
মো. ফয়জুন্নুর আখন বলেন, আমাদের লক্ষ্য একটি আধুনিক, ন্যায়নিষ্ঠ ও মর্যাদাবান মতলব গড়ে তোলা, যা সারা দেশের জন্যে মডেল হবে। এজন্যে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।








