প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১
কৃপণতার পরিণতি ও মানবিক সম্পর্কের বার্তা নিয়ে
হাসি-আনন্দে দর্শক মাতালো চাঁদপুর ড্রামার ৪২তম প্রযোজনা নাটক ‘বিদ্যালংকার প্রেস’

হাসি, আনন্দ আর জীবনের গুরুত্বপূর্ণ এক শিক্ষণীয় বার্তা নিয়ে মঞ্চস্থ হলো চাঁদপুর ড্রামার ৪২তম প্রযোজনা নাটক ‘বিদ্যালংকার প্রেস’। নাটকটির প্রতিটি চরিত্রের সাবলীল অভিনয়, সংলাপ উপস্থাপন এবং হাস্যরসাত্মক দৃশ্য দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। বিশেষ করে নাটকের বিভিন্ন অংশে হাস্যরসাত্মক দৃশ্যগুলোতে শিল্পকলা মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে দর্শকদের প্রাণখোলা হাসি। একই সঙ্গে নাটকের মূল বক্তব্য দর্শকদের ভাবিয়ে তোলে। সব মিলিয়ে একটি উপভোগ্য ও প্রাণবন্ত নাট্যসন্ধ্যা উপহার দেয় চাঁদপুর ড্রামা।
চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে গত ১৬ নভেম্বর ২০২৬ (সোমবার) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
আবদুস সাত্তারের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন চাঁদপুরের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পরিমল দাস নুপুর। নাটকের প্রতিটি চরিত্রে শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতি, সংলাপ বলার দক্ষতা এবং চরিত্রের সঙ্গে মানিয়ে অভিনয় দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে নাটকের মুখ্য চরিত্রে পরিমল দাস নুপুরের অভিনয় ছিলো প্রশংসনীয়। পাশাপাশি অন্যান্য শিল্পীরাও নিজ নিজ চরিত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। হাস্যরসের পাশাপাশি নাটকের আবেগঘন মুহূর্তগুলোও দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়।
নাটকটির মূল উপজীব্য হলো মিতব্যয়িতা ও কৃপণতার পার্থক্য এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণের গুরুত্ব। নাটকের মুখ্য চরিত্র জয়েনাল আবেদীন ভূঁইয়া ঢাকার একজন প্রতিষ্ঠিত ছাপাখানা ব্যবসায়ী। ব্যবসা-বাণিজ্য করে জীবনে বিপুল অর্থ-সম্পদের মালিক হলেও কৃপণতার স্বভাব থেকে তিনি বেরিয়ে আসতে পারেন না। স্ত্রী-সন্তানদের সঙ্গে সব সময় রাগী আচরণ করেন। পরিবারের প্রয়োজনেও টাকা খরচ করতে চান না। এমনকি নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদের মাসিক বেতনও ঠিকমতো পরিশোধ করেন না।
তার এমন আচরণে একসময় পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মচারীরা ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যেতে থাকেন। একপর্যায়ে একাকিত্ব তার জীবনকে দুর্বিষহ করে তোলে। তখন তিনি উপলব্ধি করতে শুরু করেন, জীবনে অর্থ-সম্পদই সবকিছু নয়; মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্কের মূল্যও অনেক বেশি।
নাটকের গল্পে রয়েছে আরও কিছু আকর্ষণীয় উপকাহিনি। ইজ্জত আলীর মেয়ে শিরিনের সঙ্গে জয়েনাল আবেদীন ভূঁইয়ার ছেলে ঝন্টুর প্রেমের সম্পর্ক এবং ফয়েজের সঙ্গে মেয়ে রীণার প্রেমের সম্পর্ককে তিনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। এসব বিষয় নিয়ে তার একগুঁয়েমি ও অযৌক্তিক আচরণ নাটকের ঘটনাপ্রবাহকে আরও আকর্ষণীয় করে তোলে। শেষ পর্যন্ত তিনি নিজের ভুল বুঝতে পেরে পরিবারের সদস্য ও কর্মচারীদের কাছে ফিরিয়ে আনতে পারেন কি না--সেই কৌতূহল নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনি।
এটি একটি অর্ধ-কৌতুক ঘরানার নাটক। নাটকের বিভিন্ন হাস্যরসাত্মক দৃশ্য দর্শকদের যেমন আনন্দ দিয়েছে, তেমনি কৃপণতা, অহংবোধ, পারিবারিক সম্পর্ক এবং কর্মচারীদের প্রতি দায়িত্ববোধের বিষয়গুলোও সুন্দরভাবে তুলে ধরেছে। শুধু বিনোদন নয়, মানুষের জীবনে অর্থের পাশাপাশি ভালোবাসা, সহমর্মিতা ও সুন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছে নাটকটি।
নাটকের অভিনয়ে ছিলেন : জয়েনাল আবেদীন ভূঁইয়া চরিত্রে পরিমল দাস নুপুর, মৌলভী চরিত্রে মজিবুর রহমান দুলাল, ইজ্জত আলী চরিত্রে মানিক পোদ্দার, ম্যানেজার চরিত্রে রাজীব দাস, ভূতপূর্ব ম্যানেজার চরিত্রে পলাশ মজুমদার, ঝন্টু চরিত্রে অতিথি শিল্পী হৃদয় কর্মকার, কম্পোজিটর চরিত্রে আকবর হোসেন, রহমান চরিত্রে ইমতিয়াজ মাসুদ, গিন্নী চরিত্রে জ্যোৎস্না বেগম, রীনা চরিত্রে রাত্রি কর্মকার, লাইলী চরিত্রে নিবেদিতা দাস নিশা, খোকন চরিত্রে অয়ন দাস, শিরিন চরিত্রে সরস্বতী রানী মনিঋষি এবং পুলিশ চরিত্রে জাহিদুল ইসলাম জিদান।
নেপথ্যে যারা ছিলেন : মঞ্চ পরিকল্পনায় পরিমল দাস নুপুর ও মানিক পোদ্দার। আলোক পরিকল্পনা ও নিয়ন্ত্রণে অতিথি শিল্পী হাবিবুর রহমান হাবিব ও মান্নান চিশতী। আবহসংগীত নিয়ন্ত্রণে প্রদীপ দাস। রূপসজ্জায় অতিথি শিল্পী গোবিন্দ মণ্ডল। মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন প্রশান্ত কুমার সেন, গৌতম ঘোষ, সুকুমার দাস ও প্রণব রায় চৌধুরী। প্রযোজনা সহযোগিতায় ছিলেন এস এম জয়নাল আবেদীন, তপন সরকার, জয়নাল আবেদীন জনু, আব্দুল্লাহ আল ফারুক, এ কে আজাদ, নজরুল ইসলাম রনি, এমদাদুল হক মিলন, কে এম মাসুদ ও রোটারিয়ান রফিকুল ইসলাম। নাটকটির প্রযোজনা অধিকর্তা মো. মুরাদ হোসেন খান।
‘বিদ্যালংকার প্রেস’ মঞ্চায়নের মধ্য দিয়ে চাঁদপুর ড্রামা আবারও প্রমাণ করেছে, মঞ্চনাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজ ও মানুষের জীবনের নানা অসংগতি তুলে ধরারও শক্তিশালী একটি মাধ্যম। শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টা, দক্ষ অভিনয় এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া নাটকটিকে একটি সফল ও উপভোগ্য প্রযোজনায় পরিণত করেছে।








