প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭
ঈশানবালা ও ইব্রাহিমপুরে অর্থনৈতিক অঞ্চল ও সোলার বিদ্যুৎ প্রকল্প হোক

মেঘনার বুকে জেগে থাকা হাইমচরের ঈশানবালা ও চাঁদপুর সদরের ইব্রাহিমপুর চর—দুটি জনপদই দীর্ঘদিন ধরে সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নয়নের মূল স্রোত থেকে অনেকটা বিচ্ছিন্ন। যোগাযোগব্যবস্থার দুর্বলতা, শিল্পকারখানার অভাব এবং কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে এসব এলাকার মানুষকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। অথচ পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বিনিয়োগের মাধ্যমে এই চরাঞ্চলই হতে পারে চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নের নতুন কেন্দ্র। শনিবার ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যানের ঈশানবালা চর পরিদর্শন এবং ফেরার পথে ইব্রাহিমপুর চর আকাশপথে পর্যবেক্ষণ সেই সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। এখন প্রয়োজন সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ।
ঈশানবালায় একটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে শুধু হাইমচর নয়, পুরো চাঁদপুর জেলার অর্থনীতিতেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য ও খাদ্য সংরক্ষণ, কোল্ড স্টোরেজ এবং পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠান স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে, তরুণদের আত্মকর্মসংস্থানের পথ খুলবে এবং চরাঞ্চল থেকে শহরমুখী মানুষের চাপ কমাতে সহায়তা করবে। একইভাবে ইব্রাহিমপুর চরকেও পরিকল্পিত বিনিয়োগের আওতায় আনা হলে চাঁদপুর সদরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হতে পারে।
তবে শুধু অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কাঙ্ক্ষিত উন্নয়ন আসবে না। এ জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ। বিশেষ করে ঈশানবালা ও ইব্রাহিমপুরে পর্যাপ্ত পরিমাণ সরকারি বা বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যেতে পারে। চরাঞ্চলের বিস্তীর্ণ অনাবাদী ও উপযুক্ত জমি এবং সৌরশক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে তোলা যেতে পারে বৃহৎ সোলার পাওয়ার প্ল্যান্ট। উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় জনপদ, কৃষি, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তাবিত শিল্পাঞ্চলের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। এতে একদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে, অন্যদিকে শিল্পায়নের জন্য প্রয়োজনীয় জ্বালানি অবকাঠামো গড়ে উঠবে।
অবশ্য চরাঞ্চলে বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। নদীভাঙন, বন্যা, জমির স্থায়িত্ব, নৌ ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সঞ্চালন এবং পরিবেশগত ভারসাম্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত সম্ভাব্যতা যাচাই, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব সমীক্ষা সম্পন্ন করে প্রকল্প গ্রহণ করা জরুরি। নদী ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। স্থানীয় মানুষের জমি, জীবিকা ও অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
আমরা মনে করি, ঈশানবালা ও ইব্রাহিমপুরকে বিচ্ছিন্ন দুটি চর হিসেবে না দেখে একটি সমন্বিত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। অর্থনৈতিক অঞ্চল, সৌরবিদ্যুৎ কেন্দ্র, উন্নত যোগাযোগব্যবস্থা, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং নদীকেন্দ্রিক বাণিজ্যিক অবকাঠামো—সবকিছুকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সরকার, বিনিয়োগকারী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ চেয়ারম্যানের শনিবারের পরিদর্শন যেন কেবল সম্ভাবনা পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। পরিদর্শনের ভিত্তিতে দ্রুত কারিগরি সমীক্ষা, বিনিয়োগ পরিকল্পনা ও বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করা হোক। ঈশানবালা ও ইব্রাহিমপুরে অর্থনৈতিক অঞ্চল এবং বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার বিষয়টি জাতীয় উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাক। মেঘনার বুকে অবহেলিত এই জনপদগুলো কর্মসংস্থান, শিল্পায়ন ও নবায়নযোগ্য জ্বালানির নতুন দৃষ্টান্ত হয়ে উঠুক—এটাই চাঁদপুরবাসীর প্রত্যাশা।






