প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২০:০৩
ফরিদগঞ্জে ৩৬ দল নিয়ে আন্তঃউপজেলা বিতর্ক উৎসব শুরু

ফরিদগঞ্জে ৩৬টি দলের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তঃউপজেলা বিতর্ক উৎসব। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন আয়োজিত এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
|আরো খবর
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নিজেকে উপস্থাপন করতে হয়, আর নিজেকে সঠিকভাবে প্রকাশের সেরা মাধ্যম হলো বিতর্ক। উপজেলা পর্যায়ে এ ধরনের আয়োজন আরও আগে শুরু হওয়া প্রয়োজন ছিলো। যারা বিতর্কের সাথে যুক্ত আছেন, তাদের এ আয়োজন নিয়মিত চালিয়ে যেতে হবে। ছাত্রজীবন থেকেই আমি বিতর্কের মানুষ। আজ যে যাত্রার সূচনা হলো, আগামী দিনে এর মাধ্যমে নতুন অনেক সম্ভাবনা তৈরি হবে। যুক্তির লড়াইয়ে পরাজিত হলেও শেখার অনেক কিছু থাকে; তাই বিতর্কে আসলে হারানোর কিছু নেই।”
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)-এর ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রবীর চক্রবর্তীসহ স্থানীয় বিতার্কিক ও সুধীজন।
আয়োজকরা জানান, রাউন্ড সিস্টেমে আয়োজিত অর্ধমাসব্যাপী এ বিতর্ক উৎসবে প্রাথমিক পর্যায়ের ৮টি, মাধ্যমিক পর্যায়ের ২২টি এবং কলেজ পর্যায়ের ৬টি দলসহ মোট ৩৬টি বিতর্ক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।








