প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭
মা ইলিশ সংরক্ষণ অভিযানে হাইমচরে ২৮ জেলে আটক, ২৪ জনের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় হাইমচরে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে আটক করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে পরবর্তীতে এদের মধ্যে ২৪ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির আওতায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি এবং কোস্ট গার্ড হাইমচর চাঁদপুরের প্রতিনিধিরা অংশ নেন।
হাইমচর উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৮ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং তাদের অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে মুচলেকা আদায়পূর্বক অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৪ জনের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আইন ও বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া উদ্ধারকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।








