প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয়

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দর করতে সাংবাদিকসহ স্পেনের প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে কমিশন।
বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. দুলাল সাফা’র পরিচালনায় সভায় কমিশনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এরই মধ্যে অনুমোদন পাওয়া গেছে। নির্বাচন কমিশনের কার্যকাল আগামী ৯০ দিন পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন, সদস্য নবায়ন, নির্বাচনী পরিবেশ নিশ্চিত এবং নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সহ-প্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।”
তিনি জানান, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার পাশাপাশি সব প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে কমিশন। একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
এবারের নির্বাচনকে আধুনিক ও সর্বজনগ্রাহ্য করতে ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের আগ্রহ বাড়াতে বিভিন্ন আঞ্চলিক কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে কমিশন। এর অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলদের সাথে মতবিনিময় এবং ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা রেসিডেন্স পারমিটের যেকোনো একটি থাকলেই ভোটার হওয়ার সুযোগ মিলবে।
কমিশনের কোষাধ্যক্ষ রমিজ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সভায় মাদ্রিদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিশনের নেতারা।
স্পেনে বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারভিত্তিক কার্যক্রম পরিচালনায় সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে এই নির্বাচন ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিদেশের মাটিতে প্রবাসীদের ঐক্য ধরে রাখতে এই গণতান্ত্রিক নির্বাচন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সামাজিক নেতারা।






