প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩
নাতনির জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরিবারের তিনজন; আরও একজন মুমূর্ষু অবস্থায়
চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারে চলছে শোকের মাতম

যমদূত যেন পথেই দাঁড়িয়ে ছিলো। ঘনিষ্ঠ স্বজনদের একজনের জানাজা ও দাফন শেষে নিজ নিজ বাসায় ফিরছিলেন মরহুমার মামী, খালা, খালুসহ চারজন। কিন্তু বাসায় আর ফেরা হলো না। পথিমধ্যে গজারিয়া থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মামী, খালা ও খালু মারা যান। সঙ্গে প্রাইভেটকার চালকও মারা যান। আরেক খালা মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে।
|আরো খবর
এমন হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, শহরের নতুন বাজার জেএম সেনগুপ্ত রোড এলাকার মরহুম চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারে।
৭০ থেকে ৯০ দশক পর্যন্ত সময়ে চাঁদপুর শহরে চাঁদ বক্স পাটওয়ারী ওরফে চাঁন বক্স মোক্তার নামটি ছিলো বেশ পরিচিত। তিনি চাঁদপুর বারের আইনজীবী এবং চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এই চাঁন বক্স মোক্তারের পরিবারেই ঘটে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা।
চাঁদ বক্স পাটওয়ারীর মেয়ের ঘরের নাতনি, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়লা হাসান চৌধুরী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্তেকাল করেন। এদিন বাদ আসর পুরানবাজার চৌধুরী বাড়িতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমাকে শেষ বিদায় জানাতে ঘনিষ্ঠ স্বজনরা চাঁদপুরে এসেছিলেন। জানাজা, দাফন ও দোয়া অনুষ্ঠান শেষ করে স্বজনরা যাঁর যাঁর বাড়িতে ফিরতে শুরু করেন।
এমনই একটি পরিবার—মরহুম চাঁদ বক্স পাটওয়ারীর মেজো ছেলে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম মিজানুর রহমান রতন পাটওয়ারীর স্ত্রী জামেনা বেগম (৭৩), চাঁদ বক্স পাটওয়ারীর মেয়ে শামীমা আরা চম্পা (৬২), তাঁর স্বামী মো. বজলুর রহমান লিটন (৬৭) এবং আরেক মেয়ে সাবিহা আক্তার (৬৯) নিজস্ব প্রাইভেটকারে করে শনিবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিকেলের দিকে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকার ভবেরচরে একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাঁদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জামেনা বেগম, শামীমা আরা চম্পা, তাঁর স্বামী বজলুর রহমান এবং গাড়ি চালক। অপরজন সাবিহা আক্তারকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
চাঁদপুরের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব মরহুম চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারের একাধিক সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে চাঁদপুরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারেও চলছে শোকের মাতম।
ডিসিকে /এমজেডএইচ







