প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৬:২৯
নীতি ও আদর্শের প্রশ্নে ইসলামী আন্দোলন আপসহীন :
......মাওলানা লোকমান হোসাইন জাফরী

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নতুন কমিটির পরিচিতি সভা ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে চাঁদপুর শহরের বিপণীবাগস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে রাজনীতি করে। দেশের মানুষের কল্যাণ ও স্থায়ী মুক্তির জন্যে ইসলামের বিকল্প নেই। তবে কিছু রাজনৈতিক দলের ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের কারণে সাধারণ মানুষ শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনাকে ভুল বোঝে।”
তিনি আরও বলেন, “যারা ক্ষমতার লোভে নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কুরআন-সুন্নাহকে পেছনে ঠেলে দিয়েছে, দেশের ধর্মপ্রাণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। ইসলামী আন্দোলন নীতি ও আদর্শের প্রশ্নে কখনো আপস করেনি এবং করবেও না। আমাদের আমীর হযরত পীর সাহেব চরমোনাই কোনো অন্যায় বা অপশক্তির কাছে নতি স্বীকার করেননি। ক্ষমতার চেয়ে আমাদের কাছে ইসলামী আদর্শই সর্বাগ্রে।”
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা গাজী মো. হানিফ, কেএম ইয়াসিন রাশেদসানী, আলহাজ জামিল আহমেদ জাকির, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদসহ জেলা, উপজেলা, যুব ও ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভাশেষে চাঁদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেওয়া হয় এবং তাদের শপথবাক্য পাঠ করানো হয়।--প্রেস বিজ্ঞপ্তি।








