প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭
মতলব উত্তরে ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীকে নিয়ে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৮ আগস্ট ২০২৬) বাদ আসর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমাতুজ জোহরায় এ কর্মসূচি পালিত হয়।
দৈনিক চাঁদপুর দর্পণের মতলব উত্তর উপজেলা কার্যালয় প্রধান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আর্কাইভসের তালিকাভুক্ত গবেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ইকরাম চৌধুরীর হাত ধরে চাঁদপুরে অনেক বস্তুনিষ্ঠ সাংবাদিক তৈরি হয়েছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে এর মধ্য দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি বহু গুণের অধিকারী ছিলেন; তবে তাঁর সবচেয়ে বড় গুণ ছিল ধৈর্য ও ত্যাগ। বৃহত্তর স্বার্থে তিনি সবসময় নিজের ব্যক্তিচেতনা ত্যাগ করে সবাইকে ঐক্যবদ্ধ রাখতেন।"
অন্যান্য বক্তা বলেন, ইকরাম চৌধুরী ছিলেন একজন ধৈর্যশীল, নিরহংকারী ও নিবেদিতপ্রাণ মানুষ। তিনি ছিলেন চাঁদপুরে সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তাঁর গড়া সাংবাদিকেরা আজ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুনামের সঙ্গে কাজ করছেন। চাঁদপুর দর্পণকে এগিয়ে নিতে তিনি আজীবন নিরলস পরিশ্রম করে গেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গণি তপাদার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি নাছির উদ্দিন মুন্সি, ইসমাইল হোসেন প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন ফরাজীকান্দি ফাতেমাতুজ জোহরা মসজিদের খতিব ও নাউরি আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া সিকদার। পরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ডিসিকে/ এমজেডএইচ







