রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৮:২৪

সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত সাড়ে ১০টায় রাজধানী রিয়াদের বাথায় অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির প্রধান কার্যালয়ে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় সভায় প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কী কী সেবা প্রদান করা হয়, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সায়েদ মো. তারেক।

সভায় তিনি জানান, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মাধ্যমে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্টসহ সরকারের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। এ সময়ে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবাসী সেবা কেন্দ্র খোলা থাকে। এছাড়া শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্তও সেবা কার্যক্রম চালু থাকে। ফলে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা তাঁদের সুবিধাজনক সময়ে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। সভায় কর্মকর্তারা জানান, প্রবাসীদের সময় ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবের বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে প্রায় ২৫টি কার্যালয়ের মাধ্যমে প্রবাসী সেবা কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রবাসী সেবা কেন্দ্র থেকে ই-পাসপোর্টের অনলাইন আবেদন, জন্মনিবন্ধন সংশোধনের আবেদন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণের সুযোগ রয়েছে। মাত্র ২০ সৌদি রিয়ালের মাধ্যমে ই-পাসপোর্টের অনলাইন আবেদন করার সুবিধা রয়েছে বলে জানানো হয়। কর্মকর্তারা জানান, ই-পাসপোর্টের অনলাইন আবেদন ফি ছাড়া প্রবাসীদের কাছ থেকে অন্য কোনো ফি নেওয়া হয় না। ফটোকপি থেকে শুরু করে অন্যান্য সহযোগী সেবাও বিনামূল্যে প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী সেবা কেন্দ্রগুলো এ কার্যক্রমকে আরও সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং কর্মকর্তা শওকত উল্লাহ রিপন, জন্মনিবন্ধন সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ ফুয়াদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়