প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০২:৪৫
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দিলে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দিকনির্দেশনায় ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় তাঁকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহবুব আনোয়ার বাবলুর আকস্মিক প্রয়াণে চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ অভিভাবককে হারিয়ে স্তব্ধ দলীয় নেতাকর্মীরা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যরাত থেকেই হাসপাতালে ও মরহুমের বাসভবনে সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমান।
বিভিন্ন মহলের গভীর শোক
চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতারা তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, "মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি একজন পরম বিশ্বস্ত, পরীক্ষিত ও অভিজ্ঞ অভিভাবককে হারালো। জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে এবং দলের যেকোনো সংকটে তাঁর অসামান্য অবদান চাঁদপুরের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।" নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
আজ বাদ আছর জানাজা
চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ জানান, পারিবারিক ও দলীয় যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববা বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ







