শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৫:৩৩

হাজীগঞ্জের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং মোবাইলের অপব্যবহার রোধে হাজীগঞ্জের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

চলতি বছরের ২৩ মে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার পর গত বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ছাড়া গত ২৪ জুলাই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় সংসদ সদস্য মো. মমিনুল হক এমপি তাঁর বক্তব্যে ঘোষণা দেন—ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন আনতে পারবে না এবং শিক্ষকরাও শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ উপজেলায় ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি মাদ্রাসা এবং ৮টি কলেজ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বাড়ানো এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠির সূত্রে জানা গেছে, ক্যাম্পাস এলাকায় কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে ওই শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৪ জুলাই অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলার সকল মাধ্যমিক ও তদূর্ধ্ব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে নিজ নিজ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞাটি কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সকল প্রতিষ্ঠানপ্রধানকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়