বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৪:০৭

হোটেল-রেস্তারাঁয় নিরাপদ খাবারের নিশ্চয়তায় ব্যাপক তৎপরতা চাই

অনলাইন ডেস্ক
হোটেল-রেস্তারাঁয় নিরাপদ খাবারের নিশ্চয়তায় ব্যাপক তৎপরতা চাই

গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত এক খবরে লিখা হয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার দায়ে চাঁদপুর শহরের ইউরেশিয়া ও অ্যারোমাক্স রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক চাঁদপুর সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ইউরেশিয়া রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও বাসি খাবার, ফ্রিজে একই সাথে কাঁচা মাংস ও রান্না করা মাংস, পোড়া তেল রাখা, অনুমোদনবিহীন চকোলেট সিরাপ, মেয়াদোত্তীর্ণ দই, ফিরনি বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর মাধ্যমে ৫০ হাজার টাকা এবং হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন অ্যারোমা রেস্টুরেন্টে বাসি খাবার রাখায় ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ৫৫,০০০ (পঞ্চান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। ভোক্তার স্বার্থরক্ষায় জেলা প্রশাসন, চাঁদপুর- এর এরূপ অভিযান চলমান থাকবে। চাঁদপুর শহরের যে দুটি রেস্তোরাঁকে বাসি খাবার রাখার দায়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থদণ্ড প্রদান করলো, সে দুটি রেস্তোরাঁ ভালো ও ইজি লোকেশনে অবস্থিত এবং বৃহৎ ও অত্যাধুনিক সাজে সজ্জিত রেস্তোরাঁগুলোর মধ্যে উল্লেখযোগ্য। শহরবাসী ও আগন্তুক মাত্রই বাহ্যিক চাকচিক্য দেখে বিশ্বাসের ভরে এ দুটি রেস্তোরাঁয় খাবার খেতে আকৃষ্ট হয়। সে দুটিই যদি বাসি খাবার সংরক্ষণের জন্যে দণ্ডিত হয়, তাহলে খাবারবিলাসী মানুষগুলো যাবে কোথায়? সন্দেহ নিয়ে কোথাও খাবার খেলে মানুষ অস্বস্তি বোধ করে এবং অসুস্থও হয়ে যায়। চাকচিক্যময় উল্লেখিত দুটি রেস্তোরাঁকে অর্থদণ্ড প্রদান করায় প্রচলিত সেই প্রবাদের কথাই মনে পড়ে যায় ‘চক চক করলে সোনা হয় না’, তেমনি বাহ্যিকভাবে কোনো রেস্তোরাঁ চক চক করলেও সেখানে স্বাস্থ্যসম্মত/বিশুদ্ধ বা নিরাপদ খাবার পাওয়া যায় না। দেশের প্রখ্যাত পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত চাঁদপুরে এক কর্মশালায় বলেছিলেন, হোক না রাস্তার পাশের হোটেল বা রেস্তোরাঁ, হোক না নামীদামী প্রতিষ্ঠান, সেখানে খাবারটি সদ্য রান্না করা ও গরম কিনা সেটা নিশ্চিত হয়ে খান, তাহলে আপনি স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারলেন বলে ধরে নেবেন। চাকচিক্যময় পরিবেশে মুখরোচক বা সুস্বাদু খাবার খেলেই আপনি যে স্বাস্থ্যসম্মত খাবার খেলেন, সেটা এর সুষ্ঠু রন্ধন প্রক্রিয়া, সংরক্ষণ ও উপকরণের বিশুদ্ধতার উপরেই নির্ভর করে। সেজন্যে আমরা যে কোনো রেস্তোরাঁয় চাকচিক্যের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের বিশুদ্ধতায় বা নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় বিষয়ে বেশি তৎপরতা প্রদর্শনের জন্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়