প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:১৩
কাবিং কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব যখন ফরিদগঞ্জের

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু (বালক) রুদ্র ও বালিকা ইফফাতুন্নিছা নির্বাচিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকে শ্রেষ্ঠ কাব রুদ্র ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয় শ্যামল দাসের মেধাবী পুত্র রুদ্র ক্লাসের ফার্স্ট বয় তথা রোল নম্বর ১।
অন্যদিকে বালিকায় শ্রেষ্ঠ কাব ইফফাতুন্নিছা ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আবু জাফর মোহাম্মদ ছালেহ। বিগত ২৩ মে ২০২৬ তারিখে উভয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব, ৭ জুন চাঁদপুর জেলা পর্যায়ে এবং সর্বশেষ ১০ জুন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। দুবার উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাবেক উপজেলা কাব লিডার ও চৌকস ইউনিট লিডার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার কারণে ফরিদগঞ্জ উপজেলা বিভাগীয় পর্যায়ে দুটি শ্রেষ্ঠ কাবের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।
একসময় বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের বিষয়টি জেলা সদরকেন্দ্রিক থাকতো। যেনো একটা বৃত্তবন্দী ছিলো। সাম্প্রতিক বছরগুলোতে সে বৃত্ত থেকে শ্রেষ্ঠত্বের বিষয়টি বেরিয়ে এসেছে; উপজেলা পর্যায়, এমনকি প্রত্যন্ত এলাকা থেকেও শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে সক্ষম হচ্ছে কোনো কোনো শিক্ষার্থী। এতে শ্রেষ্ঠ যারা, তারা যে কেবল শহরের হতে পারে না, সেটার প্রমাণ মিলে। আমরা এমনটাই চাই, কেননা এতে রয়েছে ইতিবাচকতা ও শহরমুখিনতায় আচ্ছন্ন আত্মঅহমিকাসম্পন্ন কিছু মানুষের জন্যে ভিন্ন বার্তা ও শিক্ষা।






