প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:১৩
আজ সাবেক এমপি এমএ মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

আজ মঙ্গলবার (২৬ মে ২০২৬) চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক এমপি এমএ মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এইদিনে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান সাবেক এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
|আরো খবর
স্কুল শিক্ষক থেকে রাজনীতিতে আসা, এর পরে কয়েকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করা মরহুম এমএ মতিন ছিলেন হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের খান সাহেব জুনাব আলী মুন্সীর সন্তান। ৪ ভাই, ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি হাজীগঞ্জ পাইলট হাই School এন্ড কলেজে শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন।
এমএ মতিন জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ১৪ মার্চ আর মৃত্যুবরণ করেন ২০২০ সালের ২৬ মে। ১ ছেলে ৪ মেয়ের জনক এমএ মতিন ছাত্রজীবনে ন্যাপ (ভাসানী)-এর মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৭৭ সালে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে বিজয়ী হন। এরপরেই রাজনীতিতে উত্থান এমএ মতিনের। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাগো দলে যোগ দেন ১৯৭৭ সালে। এর দুবছর পরেই ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৭৯, ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।
তিনি জাতীয় সংসদ সদস্য থাকাকালে খাদ্য মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ডিসিকে/ এমজেডএইচ








