প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:৩৫
চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হলেন লুৎফুর রহমান

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে আবারও আস্থা রাখলেন স্থানীয় বাসিন্দারা। চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। ফলে বড়ো ব্যবধানে জয় নিশ্চিত করেন অ্যাসপায়ার পার্টির এই নেতা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর মেয়র লুৎফুর রহমান বলেন, “২০২২ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই আমার লক্ষ্য ছিলো টাওয়ার হ্যামলেটসকে সবার জন্যে কাজ করে এমন একটি বরো হিসেবে গড়ে তোলা। লেবারের দীর্ঘদিনের কঠোর অর্থনৈতিক নীতির কারণে ক্ষতিগ্রস্ত সেবাগুলো আমরা পুনরুদ্ধার করেছি এবং আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সময় মানুষের পাশে দাঁড়িয়েছি।”
তিনি বলেন, আবাসন খাত তাঁর প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। “প্রত্যেক মানুষের একটি নিরাপদ ও মানসম্মত বাসস্থানের অধিকার রয়েছে। আমরা এমন আবাসন নির্মাণ ও উন্নয়নে কাজ করছি, যা সাধারণ মানুষ সত্যিকার অর্থে বহন করতে পারে।”
মেয়র আরও জানান, শিশু ও তরুণদের উন্নয়ন, শিক্ষা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সেবা, জনস্বাস্থ্য, কমিউনিটি নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, অবসর ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত থাকবে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি কাউন্সিল সবসময় জনগণের পাশে থাকবেÑতাদের কথা শুনবে, প্রয়োজন অনুযায়ী কাজ করবে এবং জীবনের প্রতিটি পর্যায়ে সহায়তা করবে।”
এদিকে পাশের নিউহ্যাম বরোতে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ফরহাদ হুসাইন। তিনি ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং সাবেক মেয়র রুখসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হন।
নবনির্বাচিত মেয়র ফরহাদ হোসেন বলেন, “এটি নিউহামের জন্যে একটি নতুন অধ্যায়ের সূচনা। আগামী চার বছর আমি পুরো বরোর মানুষের জন্যে কাজ করতে চাই।”






