শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:২০

সোমবার চাঁদপুর অযাচক আশ্রমে স্বামী স্বরূপানন্দ ও মা মনি সংহিতা দেবী স্মরণে পুণ্য মহাসমাধি দিবস

বিমল চৌধুরী ।।
সোমবার চাঁদপুর অযাচক আশ্রমে স্বামী স্বরূপানন্দ ও মা মনি সংহিতা দেবী স্মরণে পুণ্য মহাসমাধি দিবস

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সুমহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, স্বাবলম্বন ও ব্রহ্মাচর্যের প্রমূর্ত বিগ্রহ, পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও তাঁর সুযোগ্যা মানসকন্যা পরম পূজনীয়া শ্রীশ্রী মা মনি সংহিতা দেবীর পুণ্য মহাসমাধি দিবস অনুষ্ঠিত হবে চাঁদপুর অযাচক আশ্রমে। এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) চাঁদপুর অযাচক আশ্রমে ভোর সাড়ে ৫ টায় ঊষা কীর্ত্তন, সকাল ৮টায় মঙ্গল শঙ্খধ্বনি, শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ, সকাল সাড়ে ৮টায় সমবেত উপাসনা শেষে ব্রহ্মগায়েত্রী গীত, নীরব মহানাম জপ যজ্ঞ, সকাল পৌনে ১১টায় বিশিষ্ট কণ্ঠশিল্পী মানিক রায় ও সহশিল্পীদের পরিচালনায় স্বরূপানন্দ সংগীত। সকাল সাড়ে ১১টায় শ্রী শ্রী বাবা মনি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও তারই সুযোগ্যা মানসকন্যা সংহিতা দেবী স্মরণে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ সভা, দুপুর দেড়টায় হরি ওঁ মহানাম সংকীর্ত্তন ও মহাপ্রসাদ বিতরণ শেষে দুপুর আড়াইটায় শান্তি বাচনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সমাপ্তি।

স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্থান থেকে আগত অযাচক আশ্রম নেতৃবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানসমূহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন আশ্রমের অধ্যক্ষসহ চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক সেবিকাবৃন্দ। নেতৃবৃন্দ আয়োজিত অনুষ্ঠানের সফলতা ও আশ্রম উন্নয়ন কার্যক্রমের অগ্রযাত্রা কামনা করেন।

পুণ্য মহাসমাধি দিবস উদযাপনের সফলতা কামনা করে বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাপস কান্তি সরকার বলেন, পৃথিবীতে যুগে যুগে মহান সাধকদের আবির্ভাব ঘটেছে সমাজ সংস্কার ও মানুষের কল্যাণ সাধনের জন্যে। এদের মাঝে স্বামী স্বরূপানন্দ ও মহাসন্ন্যাসিনী সংহিতা দেবীও একজন। এঁরা শুধু নিজেদেরকে ধর্মের মাঝেই সীমাবদ্ধ রাখেননি, কাজ করেছেন সকল মানুষের কল্যাণে। প্রেরণা যুগিয়েছেন সৎ কর্মে মানুষকে উদ্বুদ্ধ হতে। স্বামী স্বরূপানন্দ সাবলীল চিত্তে বলতে পেরেছেন, তুমি হিন্দু না মুসলিম, খ্রিস্টান না বৌদ্ধ তা জানিতে চাহি না বন্ধু। আমি জানিতে চাহি তুমি কতটুকু মানুষ হতে পেরেছো। জগৎ কল্যাণকারী এই সুমহান সাধক মানুষকে মান-হুঁশে পরিণত করতে চেয়েছেন। অলস জীবন পরিহার করে মানুষকে কর্মে উদ্বুদ্ধ হতে প্রেরণা যুগিয়েছেন। এমন মহান সাধকের পুণ্য জন্মস্থান এই চাঁদপুরে। আজ তাঁর পবিত্র মাটির ছোঁয়া পেতে হৃদয়ের টানে আমরা ছুটে আসি চাঁদপুরের পুণ্য জন্মভূমি অযাচক আশ্রমে। তিনি জানান, স্বামী স্বরূপানন্দের পুণ্যতা আজ চাঁদপুরেই সীমাবদ্ধ নেই, মানব কল্যাণে তাঁর কর্মধারা, চিন্তা-চেতনা ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে। আজ তাঁরই অগণিত ভক্তদের দানে তাঁরই পুণ্য জন্মস্থানে নির্মিত হচ্ছে বিশ্বনন্দিত ধ্যান মন্দির। যার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই নির্মাণ কার্যক্রম শেষ হলে চাঁদপুরের ব্যাপকতা আরো বৃদ্ধি পাবে। দেশ বিদেশের অগণিত ভক্ত অনুরাগী চাঁদপুরে ছুটে আসবে স্বামী স্বরূপানন্দের পুণ্য জন্মস্থান দর্শনে। তিনি ধ্যানমন্দির নির্মাণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং স্বরূপানন্দের পুণ্য জন্মস্থান দর্শনে সকলকে বিনম্র আমন্ত্রণ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়