প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:৪৮
রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরিদগঞ্জের সাংবাদিক আবু তালেবের ছেলে

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বালিথুবা সরদার বাড়ির (আড্ডা বাড়ি) বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় ২ বছর ৯ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ প্রাণ হারিয়েছেন।
ফরিদ দু ভাই ও দু বোনের মধ্যে সবার ছোট ছিলেন। দীর্ঘ ২০ দিন পর ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।







