প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২১:০৫
সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
'সফল উদ্যোক্তা ও জননেতা হিসেবে তিনি চাঁদপুরের উন্নয়ন ও সিরামিক শিল্পে অনুকরণীয় অবদান রেখে গেছেন'

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, হক ওভারসিজ লিমিটেড এবং হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম জি এম ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৪ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় বনানীস্থ হক ওভারসিজ লিমিটেডের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BCMEA)-এর সভাপতি এবং মুন্নু সিরামিকসের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আরিফ হোসেন, চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক এবং গফুর ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, লাকসাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুমের পুত্র এবং হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার জিয়াউল হক জিকো।
স্মরণসভায় বক্তারা মরহুম জি এম ফজলুল হকের বর্ণাঢ্য কর্মজীবন, ব্যবসায়িক সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, একজন সফল উদ্যোক্তা এবং জননেতা হিসেবে তিনি চাঁদপুরের উন্নয়ন ও দেশের সিরামিক শিল্পে অবদান রেখে গেছেন তা অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। মাহফিলে দেশের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্য ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।





