প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:১৩
ঈদের আনন্দে ভাসছে চাঁদপুর!
উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও ঈদগাহ কমিটি

দরজায় কড়া নাড়ছে ঈদ। রোজার ঈদ তথা ঈদুল ফিতর উদযাপনে ব্যাকুল হয়ে আছে মুসলিম উম্মাহ। রমজান মাস যদি ২৯ দিনের হয় তাহলে আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদের দেখা মিলবে। তখন আজকের রাতটি হবে ঈদুল ফিতরের রাত, যা ইসলামের দৃষ্টিতে খুবই মর্যাদাপূর্ণ একটি রাত। আর রাত পোহালেই তথা ২০ মার্চ শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। আর যদি রমজান মাস ত্রিশদিন পূর্ণ হয়, তাহলে আগামীকাল শুক্রবার হবে ৩০ রোজা। তখন ২১ মার্চ শনিবার হবে ঈদুল ফিতর। এ সিদ্ধান্ত আজ সন্ধ্যার পরই জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে জানা যাবে।
|আরো খবর
দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে। ঈদ উদযাপনে মানুষ সর্বশেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। মা-বাবা-আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লঞ্চ, ট্রেন, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষজন ছুটে আসছে বাড়ি-ঘরে। গত ক’দিন ধরে চাঁদপুর অভিমুখী লঞ্চগুলোতে অসংখ্য মানুষকে আসতে দেখা গেছে। এছাড়া বাস, ট্রেনসহ অন্যান্য যানবাহনেও যাত্রীর সংখ্যা দেখা যাচ্ছে অস্বাভাবিক। লঞ্চঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যাত্রীদের নিরাপত্তা বিধানে চাঁদপুরের আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে বেশ তৎপর। গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ এবং পুলিশ সদস্যদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ সড়কগুলোর মোড় ও বড়ো বড়ো শপিং সেন্টারের সামনে পুলিশ সদস্যদের অবস্থান রমজানের শেষাংশ থেকেই দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে ট্রেনের বিশেষ সার্ভিস রাখা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে বাড়ি-ঘরে আসা মানুষজনের পদচারণায় চাঁদপুরের ছোটো-বড়ো মার্কেটগুলো গত ক’দিন ধরে বেশ সরগরম। ঈদের সর্বশেষ কেনাকাটার জন্যে গত ক’দিন মার্কেটগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। চাঁদপুরে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। ঈদগাহগুলো প্রস্তুত করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মসজিদগুলোকেও প্রস্তুত করা হচ্ছে, বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ আদায় করতে না পারলে যাতে মসজিদে আদায় করা যায়। তবে ঈদগাহের পাশাপাশি বড়ো বড়ো মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ-প্রস্তুতি সভায় চাঁদপুর শহরের প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ








