প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫
ব্যবসায়ী হত্যাকাণ্ডের জেরে মহাসড়কে বাইকের স্তূপে আগুন, যান চলাচল বন্ধ
রণক্ষেত্র বালাসুর বাজার!

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সংঘটিত এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
|আরো খবর
হত্যার ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকা–দোহার সড়ক অবরোধ করে। এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বালাসুর বাজারের একটি মার্কেটের পাশ্ববর্তী জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই জমি নিয়ে পুনরায় কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে আলমগীর গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই হত্যাকাণ্ডের খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নামেন।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বালাসুর বাজার এলাকায় ঢাকা–দোহার সড়ক সম্পূর্ণ অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা অভিযুক্ত পক্ষের মালিকানাধীন একটি মার্কেটের সাইকেল শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। নতুন সাইকেল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। জরুরি কাজসহ দৈনন্দিন চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনতাকে শান্ত করার চেষ্টা করে।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এলাকাজুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
ডিসিকে/এমজেডএইচ






