বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১

আন্তর্জাতিক কর্মশালায় চাঁদপুরের আর্সেনিক সংকট তুলে ধরলেন জেলা প্রশাসক

ছয় বছরে আর্সেনিক-এক্সপোজড জনগোষ্ঠী ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখ

অনলাইন ডেস্ক
ছয় বছরে আর্সেনিক-এক্সপোজড জনগোষ্ঠী ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখ

চাঁদপুর জেলার ভয়াবহ আর্সেনিক সমস্যার চিত্র আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। তিনি জানিয়েছেন, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ছয় বছরের ব্যবধানে জেলায় আর্সেনিক-এক্সপোজড (Arsenic Exposed) জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে দাঁড়িয়েছে।

‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন। গত ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুরের আর্সেনিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এ সংকট মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আর্সেনিক সমস্যা চিহ্নিতকরণ, ঝুঁকি নিরূপণ এবং নিরাপদ পানি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে অধিকতর গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে ইউনিভার্সিটি অব টরন্টো ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক এ কর্মশালায় চাঁদপুরের আর্সেনিক-এক্সপোজড জনগোষ্ঠীর বিষয়টি তুলে ধরার মধ্য দিয়ে নিরাপদ পানি নিশ্চিতকরণে প্রযুক্তি ও গবেষণার গুরুত্ব নতুন করে সামনে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়