প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪
শিক্ষা ও গবেষণায় অনন্য অবদান
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন ড. মাসুদ হোসেন
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ অন্য সকলের অভিনন্দন

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে কলেজ শাখায় শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন। শিক্ষকতা, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ অনন্য সম্মাননায় ভূষিত করা হয়। সোমবার (৫ অক্টোবর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
|আরো খবর
অধ্যাপক ড. মাসুদ হোসেনের এ অর্জনে চাঁদপুরের শিক্ষা অঙ্গনে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁর এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমানসহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
**শিক্ষা ও পারিবারিক পরিচিতি:**
ড. মো. মাসুদ হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং ফরিদগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 'Analysis of Regional Disparity of Poverty in Bangladesh' শীর্ষক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষা ও গবেষণায় তাঁর সক্রিয়তার প্রমাণ হিসেবে প্রায় ২০টি গবেষণাধর্মী ও সৃজনশীল প্রকাশনা রয়েছে।
**কর্মজীবন ও অবদান :**
প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করার পর তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনে (বাপা) কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগ দেন। তাঁর প্রথম কর্মস্থল ছিল ভোলা সরকারি কলেজের ভূগোল বিভাগ। এরপর প্রেষণে মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে দায়িত্ব পালন করেন। পিএইচডি গবেষণা শেষে ২০১৩ সালের মার্চ মাসে তিনি চাঁদপুর সরকারি মহিলা কলেজে যোগ দেন এবং বর্তমানে সেখানেই কর্মরত আছেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের ডিজিটালাইজেশন ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে একাডেমিক ক্যালেন্ডার ও সিটিজেন চার্টার প্রণয়ন, কলেজ ওয়েবসাইট আপডেট, ভর্তি কার্যক্রম অনলাইনকরণ, সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ, কম্পিউটার প্রশিক্ষণ এবং বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের 'সিইডিপি-আইডিপি' প্রকল্পের ফোকাল পয়েন্ট হিসেবে মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্মার্ট বোর্ড স্থাপন ও সমগ্র ক্যাম্পাসকে নেটওয়ার্কের আওতায় আনার কাজ উল্লেখযোগ্য।
**স্বীকৃতি ও পুরস্কার :**
এর আগে ২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) সম্মাননা অর্জন করেন ড. মাসুদ হোসেন। এছাড়া ২০১৯, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে তিনি চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। প্রতিষ্ঠানে অনবদ্য কাজের জন্য ২০২১ সালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে 'এপিএ পুরস্কার' এবং ২০২২ সালে 'শুদ্ধাচার পুরস্কার' লাভ করেন। বিভাগীয় ও জেলা পর্যায়ের ধারাবাহিক সাফল্যের পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাঁর এই স্বীকৃতি শিক্ষকতা জীবনের এক নতুন মাইলফলক।







