প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:৩০
পচা ইলিশ, মেয়াদহীন পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর বড় স্টেশন মাছ বাজার, ছায়াবাণীর মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির জন্যে সংরক্ষণ এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় তুবা মার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স নবায়ন না করা, ক্যাশ মেমো ব্যবহার না করা এবং নষ্ট-পচা ইলিশ মাছ বিক্রির দায়ে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ৪ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ফুড বাইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানকালে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ভোক্তাদের অধিকার, নিরাপদ খাদ্য ও পণ্য কেনাবেচায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নীনা আক্তার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








