রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২০:২৯

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মাদক দমনে কঠোর অবস্থান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
মাদক দমনে কঠোর অবস্থান

চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা।

বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. কোহিনুর বেগম প্রমুখ।

সভায় বক্তারা মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে কিশোর গ্যাং, বাল্যবিয়ে বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ছাড়াও চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে প্রতিনিয়ত খোঁজ খবর রাখার আহ্বান জানান বক্তারা।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, নৌ পুলিশ, কোস্ট গার্ড, ডিএনসি, ফায়ার সার্ভিস, আনসার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া মাদক নির্মূলে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়