প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৩:৪৭
কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫ কোটি টাকার ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর শহরের প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা পুরাণবাজার ১নং ঘাট সংলগ্ন একটি গোডাউন থেকে ৫ কোটি টাকা মূল্যের ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
|আরো খবর
বুধবার (১ জুলাই ২০২৬) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরাণবাজারে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা মুকুল নামে (দুলাল দাসের প্রতিনিধি) একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে জব্দকৃত জাল রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা অংশ নেন।






