প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭
ফরিদগঞ্জে মা ও শিশু হাসপাতাল উদ্বোধন
মানসম্মত চিকিৎসাসেবা দেয়ার প্রত্যয়

ফরিদগঞ্জে আধুনিক চিকিৎসাসেবার প্রত্যয় নিয়ে মা ও শিশু হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ চতুরা এলাকাধীন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ফিতা কেটে ও কেক কেটে হাসপাতালটির উদ্বোধন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুলাতুলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসাইন আমিনী। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার টিপু পাঠান, হাসপাতালের পরিচালক সুজন চন্দ্র দাস, সালাউদ্দিন, আমানুল্লাহ খান ফারাবি, আনোয়ার হোসেন দেওয়ান, খোকন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফরিদগঞ্জের মা ও শিশুদের জন্যে সহজলভ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রতিষ্ঠান চালু করা হয়েছে। স্থানীয় পর্যায়ে মা ও শিশুদের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডিসিকে /এমজেডএইচ








