প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০০:০৬
অবহেলা ও জনবল সংকটে পুরাণবাজার রেড ক্রিসেন্ট হাসপাতাল
আধুনিকায়নের তাগিদ জেলা পরিষদ প্রশাসকের

চাঁদপুর শহরের পুরাণবাজারে অবস্থিত গিয়াসউদ্দিন আহমেদ রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক এবং চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান একেএম সলিম উল্যা সেলিম।
|আরো খবর
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে চিকিৎসাসেবার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে হাসপাতালটির গুরুত্ব অত্যন্ত বেশি। চাঁদপুর সদর, পুরাণবাজার এবং মেঘনা নদীর ওপারের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হতে পারে। বিশেষ করে নদীপথে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে আনার সুযোগ থাকায় এর কার্যকারিতা আরও বেশি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক প্রসূতি ও জটিল রোগী হাসপাতালে এলেও সিজারিয়ান অপারেশন ও প্রসবসেবার জন্যে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে জরুরি মুহূর্তে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একেএম সলিম উল্যা সেলিম জানান, হাসপাতালটি পরিচালনার জন্যে পূর্বে যাদের সঙ্গে চুক্তি হয়েছিলো, তাদের অধিকাংশই মারা যাওয়ায় বর্তমানে পরিচালনায় কার্যকর উদ্যোগের অভাব দেখা দিয়েছে। এ কারণে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে তিনি দ্রুত হাসপাতালটির আধুনিকায়ন, পুনর্গঠন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলে হাসপাতালটি আবারও পুরাণবাজার ও চরাঞ্চলের মানুষের আস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা নুরুল করিম, গিয়াসউদ্দিন আহমেদ রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের হিসাবরক্ষক বরকত উল্লাহ পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিসিকে /এমজেডএইচ








